১৪২ রানে ৮ উইকেটের পতন। কাল অস্ট্রেলিয়া যখন দেড় শ রানের মধ্যেই অলআউট হওয়ার শঙ্কায়, ঠিক সেই সময় ডগ বলিঞ্জারকে সঙ্গে নিয়ে শন মার্শের ৮৮ রানের জুটি। এক দিনের আন্তর্জাতিক ম্যাচের নবম উইকেটে এটি অস্ট্রেলিয়ার নতুন রেকর্ড। এই দুজন ভেঙে দিয়েছেন প্রায় এক যুগ পুরোনো মাইকেল বেভান ও শেন ওয়ার্নের ৭৭ রানের জুটির রেকর্ডটি। সব দেশ মিলে নবম উইকেটে রেকর্ড জুটির তালিকায় মার্শ-বলিঞ্জার কিন্তু নয় নম্বরে। সবার ওপরে ম্যাথুস-মালিঙ্গার ১৩২ রানের জুটি। গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে এই জুটি গড়েন দুই শ্রীলঙ্কান। এ ছাড়া নবম উইকেটে সেঞ্চুরি জুটি আর আছে পাঁচটি। তিনটিই ভারতের (কপিল-কিরমানির ১২৬*, ইরফান পাঠান-জয়প্রকাশের ১১৮, ধোনি-আরপি সিংয়ের ১০১)। সেঞ্চুরি জুটির তালিকায় একটুর জন্য ঠাঁই করে নিতে পারেননি সাকিব-মাশরাফি। ২০০৮ সালে মুলতানে পাকিস্তানের বিপক্ষে তাঁরা তুলেছিলেন ৯৭ রান।