নয়ে ফিফটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৮ রানে ৭ উইকেট পড়ার পর এসেছিলেন ক্রিজে। শেষ ব্যাটসম্যান হিসেবে যখন আউট হলেন তখন ড্যারেন স্যামি নামের পাশে ৮৪ রান। ওয়ানডেতে নয় নম্বরে নেমে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের ওপরে আছেন শুধু আন্দ্রে রাসেল। স্যামির সতীর্থ রাসেল গত বছরের ১১ জুন ভারতের বিপক্ষে করেছিলেন অপরাজিত ৯২ রান। নয় নম্বরে স্যামির এটা দ্বিতীয় ফিফটি। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এসেছিল প্রথমটি। স্যামির মতোই নয় নম্বরে দুটি করে ফিফটি আছে নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ও কাইল মিলসের। এই ব্যাটিং পজিশনে সবচেয়ে বেশি ৩টি ফিফটি ল্যান্স ক্লুজনারের। ১৯৯৯ সালেই ফিফটি তিনটি করেছিলেন এই দক্ষিণ আফ্রিকান। এখন পর্যন্ত নয় নম্বরে ফিফটি হয়েছে ৩০টি। যার প্রথমটি করেছিলেন ভারতের মদন লাল (৫৩), ১৯৮২ সালে ইংল্যান্ডের বিপক্ষে।