নয়্যারই এখন বায়ার্নের হিরো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ার্ন মিউনিখের সমর্থকেরা তাঁকে স্বাগত জানায়নি। শালকের সঙ্গে বায়ার্নের টানাপোড়েন সমর্থকদের একটা অংশকে ক্ষুব্ধ করেছিল ওই ক্লাব থেকে একজন গোলরক্ষক কিনে আনায়, সেটিও গোলরক্ষকদের দলবদলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ টাকা খরচ করে। অনেকে প্রতিবাদ সমাবেশও করেছে ক্লাবের সামনে। পরিস্থিতি শান্ত করতে বায়ার্নকে সমর্থকদের সঙ্গে গোলটেবিল বৈঠক পর্যন্ত করতে হয়েছিল। খুব বেশি দিন আগের ঘটনাও নয়, গত জুলাইয়ের।সময় নেননি। নিজের যোগ্যতা প্রমাণে একটুও সময় নেননি ম্যানুয়েল নয়্যার। বায়ার্নের কিংবদন্তি অলিভার কানের রেকর্ড ভেঙে দিয়েছেন প্রথম মৌসুমেই। এক হাজার মিনিটেরও বেশি সময় অক্ষত রেখেছেন গোলপোস্ট। পরশু নয়্যার যেন হয়ে উঠলেন চীনের মহাপ্রাচীর। টাইব্রেকার নামের লটারিতে শুরুতেই ঠেকিয়ে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো আর কাকার শট। বায়ার্নকে তুলে দিলেন ফাইনালে। পরশু বায়ার্নের ক্লাব প্রাঙ্গণে হাজার হাজার সমর্থক সেই নয়্যারের নামে দিয়েছে স্লোগান। ম্যাচ শেষে কোচ ইয়ুপ হেইঙ্কেসও প্রশংসায় ভাসালেন ২৬ বছর বয়সী এই গোলরক্ষককে।বায়ার্ন কোচ অবশ্য এ-ও স্বীকার করেছেন, টাইব্রেকারে জিততে হলে ভাগ্য লাগে। সেই ভাগ্যের পরশ পেয়েছে তাঁর দল, ‘আমরা অসাধারণ এক দলের বিপক্ষে খেলেছি, যারা দ্রুত ২-০ গোলে এগিয়ে গিয়েছিল। কিন্তু আমরা ঠিকই এক গোল করে ম্যাচে ফিরেছি। টাইব্রেকারে আমাদের গোলরক্ষক ছিল সত্যিই অবিশ্বাস্য। তা ছাড়া, আমরা একটু ভাগ্যের ছোঁয়াও পেয়েছি।’ ম্যাচটা টাইব্রেকার পর্যন্ত যাবে, সেটা অনুমান করতে পারেননি। তবে এটা জানতেন, ১২০ মিনিট খেলা হওয়ার পরও টাইব্রেকারে গেলে তাঁর শিষ্যরা ক্লান্ত হবে না। ‘কারণ, এবার নিজেদের মাঠে ফাইনাল খেলার জন্য আমরা উন্মুখ হয়ে ছিলাম।’ বলেছেন কোচ।আবেগে ভেসে গিয়ে পরশুর ম্যাচটিকে তো বায়ার্নের সাবেক তারকা ও বর্তমান প্রধান নির্বাহী কার্ল-হেইঞ্জ রুমেনিগে বললেন তাঁর দেখা সেরা ম্যাচ, ‘পেশাদার ফুটবলে ৪০ বছর ধরে আছি। এমনটা আর কখনোই দেখিনি। সত্তর-আশির দশকে আমাদের যা অভিজ্ঞতা হয়েছে, এটা সেসবকেও ছাড়িয়ে গেল। আমি খুবই খুশি, খুবই গর্বিত। এই ম্যাচে সেরা মানের ফুটবলই হয়েছে।’ এএফপি, রয়টার্স।