পগবাকে রিয়ালে চাইছেন জিদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোনাকোর চোখ জিনেদিন জিদানের ওপর। ফরাসি ক্লাব আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের সহকারী কোচ জিদানকে করতে চায় প্রধান কোচ। কিন্তু জিদান স্বদেশি ক্লাবের ডাকে সারা দেবেন বলে মনে হচ্ছে না। জিদান নিজেই তো রিয়ালের শক্তি বৃদ্ধির মিশনে মাঠে নেমে পড়েছেন। জুভেন্টাসের ফরাসি মিডফিল্ডার পল পগবাকে নিতে চাইছেন রিয়ালে।
এ মৌসুমেই রিয়ালের সহকারী কোচ হিসেবে কাজ শুরু করা জিদান এরই মধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। গত মৌসুমে ইসকোকে রিয়ালে আনা, হেসের রিয়ালেই থেকে যাওয়া, করিম বেনজেমার স্বরূপে ফেরা—জিদান বড় অবদানই রেখেছেন। তাঁর জহুরি চোখ এবার পগবার দিকে। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের দেওয়া খবর, এরই মধ্যে জিদান ব্যক্তিগতভাবে ফোনে ফ্রান্স জাতীয় দলের ২১ বছর বয়সী মিডফিল্ডারকে রিয়ালে যোগ দেওয়ার প্রস্তাবও দিয়েছেন। কোচ কার্লো আনচেলত্তির নাকি বিশ্বাস, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে জাবি আলোনসোর বদলি হিসেবে পগবাই হবেন আদর্শ।
তবে পগবাকে বাগানো সহজ হবে না রিয়ালের জন্য। ফ্রান্সের দুই ধনাঢ্য ক্লাব পিএসজি ও মোনাকো চাইছে পগবাকে। দুই বছর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের যুব একাডেমি থেকে ফ্রি ট্রান্সফার চুক্তিতে পগবাকে দলে টানে জুভেন্টাস। যাঁকে অন্তত তিন-চার কোটি ইউরোতে বিক্রি করার প্রত্যাশা ইতালিয়ান পরাশক্তির। যত দামই হোক, রিয়ালের জন্য টাকা কোনো ব্যাপার! ওয়েবসাইট।