পগবার নাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাচের প্রতি যে পল পগবার আলাদা টান আছে, সে তো আর নতুন নয়। এমনিতে ‘ড্যাব’ নামের নাচের ভঙ্গিটাকে ফুটবল মাঠে বিখ্যাত করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রেঞ্চ মিডফিল্ডার। তার ওপর যদি দেখেন টিভিতে তাঁরই দুই ভাই নাচছেন, পগবার আর কী-ই বা করার থাকে? কী আর, নাচবেন! তা-ই করেছেন পগবা। এমনিতে মাঠে সময়টা ভালো যাচ্ছে না, হ্যামস্ট্রিংয়ের চোটে আগামী শনিবার ফ্রান্স জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে লুক্সেমবার্গের বিপক্ষে খেলতে পারবেন না। তবে মাঠের বাইরে নাচানাচি তাতে বন্ধ নেই। ইনস্টাগ্রামে পগবার দেওয়া ভিডিওতেই দেখা গেল, টিভিতে তাঁর দুই ভাই ম্যাথাইয়াস ও ফ্লোরেন্তিন পগবা নাচছিলেন, সেটির সঙ্গে মিল রেখে নাচতে শুরু করেন পগবাও। গালভরা নামও আছে সেটির, পগবা ও ‘ডান্স’ দুটি মিলিয়ে—‘পগবান্স’! ডেইলি মেইল।