পঙ্কজের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এটাই ক্রিকেট’। সাউদাম্পটন টেস্টের দ্বিতীয় দিন শেষে উইজডেন অ্যালমানাকের সম্পাদক লরেন্স বুথের সঙ্গে ভারতীয় পেসার পঙ্কজ সিংয়ের আলাপচারিতা শেষ হয়েছিল এই বাক্যেই। কথাটা টেস্ট অভিষিক্ত পঙ্কজের। দারুণ বল করেও উইকেটশূন্য, হতাশা থেকেই কথাটা বলা।
তিন দিন পর সাড়ে ছয় ফুট লম্বা ২৯ বছর বয়সী এই পেসারের হতাশাটা পরে বেড়েছে আরও কয়েক গুণ। টেস্ট অভিষেকটা যে শেষ হলো অনাকাঙ্ক্ষিত এক বিশ্বরেকর্ড গড়ে। প্রথম ইনিংসে ১৪৬ রান দিয়ে উইকেটশূন্য পঙ্কজ ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৩৩ রান দিয়েও কোনো উইকেট পাননি। দুই ইনিংস মিলিয়ে ১৭৯ রান দিয়ে কোনো উইকেট নেই। টেস্ট অভিষেকে সবচেয়ে বেশি রান দিয়ে উইকেটশূন্য থাকার রেকর্ড এটি। অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি এত দিন ছিল সোহেল খানের। ২০০৯ সালে করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৪ রান দিয়েও উইকেটশূন্য ছিলেন পাকিস্তানের এই পেসার।
দুর্ভাগাই বলতে হবে পঙ্কজ সিংকে। প্রথম ইনিংসে তাঁর বলেই স্লিপে অ্যালিস্টার কুকের ক্যাচ ছেড়েছেন রবীন্দ্র জাদেজা। ১৫ রানে জীবন পাওয়া ইংলিশ অধিনায়ক পরে আউট হয়েছেন ৯৫ রান করে। সেঞ্চুরি পাওয়া ইয়ান বেলকে শূন্য রানেই ফেরাতে পারতেন পঙ্কজ। এলবিডব্লুর নিশ্চিত আবেদনটা আম্পায়ার নাকচ করেছেন, ডিআরএস থাকলে রিভিউ নিয়ে হয়তো উইকেটটা পেয়ে যেতেন। কিন্তু সেটা হওয়ার উপায় ছিল না ডিআরএস পদ্ধতি না থাকায়। উল্টো অভিষেকে সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ডটা সেঁটে গেল ৩৭ বছরের মধ্যে ভারতের হয়ে টেস্ট খেলা প্রথম রাজস্থানি ক্রিকেটারের নামের পাশে। এএফপি, ক্রিকইনফো।
টেস্ট অভিষেকে সবচেয়ে খরুচে বোলিং
০/১৭৯ পঙ্কজ সিং ভারত-ইংল্যান্ড সাউদাম্পটন ২০১৪
০/১৬৪ সোহেল খান পাকিস্তান-শ্রীলঙ্কা করাচি ২০০৯
০/১৬০ আকিব জাভেদ পাকিস্তান-নিউজিল্যান্ড ওয়েলিংটন ১৯৮৯
০/১৪৯ ব্রাইস ম্যাকগেইন অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা কেপটাউন ২০০৯