পছন্দ হলেই ডাকছেন ডি ক্রুইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন করে কাউকে পছন্দ হলেই তাঁকে কাম্পে নিচ্ছেন লোডভিক ডি ক্রুইফ। সর্বশেষ গত পরশু জাতীয় দলের বিপক্ষে শেখ জামালের হয়ে খেলা মিডফিল্ডার মোনায়েম খানকে সাফের দলে ডেকেছেন ডাচ কোচ। মোনায়েম গতকালই ক্যাম্পে যোগ দেন।এর আগে একইভাবে সুযোগ পেয়েছেন ডিফেন্ডার রেজাউল ও স্ট্রাইকার আমিনুর রহমান। গত মৌসুমে সজীব খেলেছেন ফেনী সকারে। রেজাউল শেখ রাসেলে নাম লেখালেও চোটের কারণে ছিলেন মাঠের বাইরে। ডি ক্রুইফের কাছে ক্যাম্পের খেলোয়াড়েরাই সব নয়। ভালো খেললেই যে কাউকে সুযোগ দিতে তৈরি তিনি। কোনো স্থানীয় কোচ এতটা চমক দেখানো সিদ্ধান্ত নিতে পারতেন না। তবে মোনায়েমকে চূড়ান্ত দলে নিতে হলে সাফের টুর্নামেন্ট কমিটির কাছে আবেদন করতে হবে বাফুফেকে। জাতীয় দলে মোনায়েম সর্বশেষ খেলেছেন দেড় বছর আগে। তাঁকে নিয়ে ক্যাম্পে এখন খেলোয়াড় ২৩ জন। সাফের চূড়ান্ত দলটি হবে ২০ জনের। মোনায়েমের আনন্দের দিনে মন খরাপ করে ক্যাম্প ছাড়লেন দুই ডিফেন্ডার কেষ্ট কুমার ও ইয়ামিন মুন্না। শেষ সময়ে এসে কেষ্ট বাদ পড়লেন চোটের কারণে, ইয়ামিন খুশি করতে পারেননি কোচকে। এএফসি চ্যালেঞ্জ কাপে দুটি ম্যাচে কেষ্ট ছিলেন ডি ক্রুইফের একাদশে। ভালোই খেলেছেন। এবার সাফের আগে বাদ পড়ায় মন খারাপ করতেই পারেন তিনি। ওদিকে শেখ জামালের কাছে পরশু অনুশীলন ম্যাচে জাতীয় দলের ২-১ গোলে হারের ব্যাখ্যা কাল অনুশীলনের পর দিয়েছেন ডি ক্রুইফ, ‘পাল্টা-আক্রমণে গোল দুটি খেয়েছি আমরা। ম্যাচের ছবিটা পাল্টে দিয়েছে দু-তিনজন বিদেশি ফুটবলার। ম্যাচে আমাদের ছোট ছোট কিছু ভুল ছিল। তবে এতে আশাহত হওয়ার কিছু নেই।’আশাহত হওয়ার মতো একটা ব্যাপার ঘটতে চলেছিল! এ ম্যাচেই গোড়ালিতে চোট পেয়েছেন অধিনায়ক মামুনুল ইসলাম। তবে দিন দুয়েক বিশ্রাম নিলেই ফিট হয়ে যাবেন বলে মনে করেন ফিটনেস ট্রেনার ইয়ামালি মোহাম্মেত। ডিফেন্ডার লিংকন, গোলরক্ষক সোহেল ও স্ট্রাইকার ওয়াহেদের কুঁচকিতে সমস্যা। তবে সাফে সবাইকেই পাওয়া যাবে বলে আশাবাদী ইয়ামালি।