পছন্দের ফুটবলার পাননি ক্রুইফ
বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগেই লন্ডন মিশনে গিয়েছিলেন লোডভিক ডি ক্রুইফ। ডাচ কোচ বাংলাদেশ দলে তাঁর সহকারী রেনে কোস্টারকে নিয়ে লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের একটা প্রীতি ম্যাচ দেখেছেন দিন চারেক আগে। ম্যাচটা আয়োজনের অনুরোধ জানান ক্রুইফ নিজেই। উদ্দেশ্য বাংলাদেশ দলের জন্য খেলোয়াড় খোঁজা। তাঁর ধারণা ছিল, বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হয়তো পেতে পারেন। কিন্তু ইউরোপের জল-হাওয়ায় বেড়ে ওঠা তেমন ফুটবলার পাননি ক্রুইফ। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ওই ম্যাচের পর পর ক্রুইফের সঙ্গে কথা বলেন। কাল সেটাই জানালেন, ‘আমাকে কোচ বলেছেন তেমন পছন্দের কোনো খেলোয়াড় পাননি।’ তাহলে কি এই প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে? সালাউদ্দিনের কথা, ‘এটা বন্ধ হবে না। পরে ক্রুইফকে জার্মানিসহ ইউরোপের কয়েকটি দেশে যাওয়ার টিকিট দেব। লন্ডনে পাওয়া যায়নি বলে অন্য দেশে পাওয়া যাবে না এমন কথা নেই।’