পঞ্চম টেস্টে নেই পন্টিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ বছর পর নিজেদের মাটিতে অ্যাশেজ হারের শঙ্কা, সিরিজের দুটি টেস্টেই লজ্জাজনকভাবে ইনিংস পরাজয়, ১৯৫৬ সালের পর অ্যাশেজে সবচেয়ে বড় ব্যবধানে পরাজয় (মেলবোর্ন টেস্টে, ইনিংস ও ১৫৭ রানে)। অসি অধিনায়ক রিকি পন্টিংয়ের ক্যারিয়ারে এতটা খারাপ সময় বোধহয় আর কখনোই আসেনি। অস্ট্রেলিয়ার অন্যতম সফল এ অধিনায়ক এখন পরিণত হয়েছেন জাতীয় শত্রুতে। অস্ট্রেলিয়া দলের এ শোচনীয় পারফরমেন্সের মধ্যে পন্টিং নিজেও ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। চার টেস্ট পর আট ইনিংসে করেছেন মাত্র ১১৩ রান। গোটা অস্ট্রেলিয়া পন্টিংয়ের অধিনায়কত্বের সমালোচনায় মুখর হয়ে উঠেছে। এ গণরোষের মুখে পড়েই বোধহয় অ্যাশেজের শেষ টেস্টটা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন পন্টিং।অস্ট্রেলিয়া দল অবশ্য বলছে অন্য কথা। পন্টিংয়ের আঙুলের আঘাতের জন্যই তিনি খেলতে পারবেন না বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। দলের ফিজিওথেরাপিস্ট অ্যালেক্স কোনটোরিস বলেছেন, ‘মেলবোর্ন টেস্টটার পর আবার পন্টিংয়ের আঙুলের এক্স-রে করা হয়েছে। আর সেখান থেকে দেখা গেছে, তাঁর আঙুলের অবস্থা খুব বেশি ভালো না। সন্তোষজনকভাবে সুস্থ হয়ে উঠতে দ্রুত তার চিকিত্সা শুরু করা দরকার।’কিন্তু এই ইনজুরির কারণেই পন্টিং সরে দাঁড়াচ্ছেন কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। পার্থ টেস্ট জেতার পর পন্টিং যেখানে মেলবোর্ন টেস্টে মাঠে নামার জন্য মরিয়া হয়ে ছিলেন, সেখানে এত তাড়াতাড়ি তিনি কীভাবে হাল ছেড়ে দিলেন? আবার সিডনিতে সিরিজের শেষ টেস্টটা শুরু হতে এখনো তিন দিন বাকি। এ তিন দিনে অবস্থা পর্যবেক্ষণ না করে এখনই কেন তার না থাকার ঘোষণাটা দিয়ে দেওয়া হলো?গতকালের ম্যাচের পরপরই নির্বাচক কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন পন্টিং। সেখান থেকেই সিরিজের পঞ্চম টেস্টটা না খেলার এ সিদ্ধান্তটা নেওয়া হয়েছে কি না, তা নিয়ে সংশয় কাটানোটা কঠিনই হচ্ছে। হয়তো গণরোষের মুখেই ইনজুরির অজুহাত দেখিয়ে আড়াল করে দেওয়া হলো পন্টিংকে! রয়টার্স।