পঞ্চম ম্যাচে হার যুবাদের

ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পঞ্চম ম্যাচে হেরে গেছে বাংলাদেশের যুবারা। বুধবার গায়ানায় অনুষ্ঠিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয় ৬৭ রানে। এই জয়ে সাত ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যবধান ৩-২-এ কমিয়ে নিয়ে এল ক্যারিবীয়রা।
সিরিজের প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ। এরপর জয় পায় টানা তিন ম্যাচে। কাল জিতলেই সিরিজ নিশ্চিত হতো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। ক্যারিবীয়দের মাত্র ১৭৭ রানে আটকে দেওয়াও হয়েছিল। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ অবধি পরাজয়ের ব্যবধানটা বেশ বড়ই হয়েছে যুবদলের।
লেগ স্পিনার যুবায়ের হোসেন চার উইকেট নিয়ে ক্যারিবীয় যুবাদের বেশ বিপদেই ফেলেছিলেন। ১৭৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে কেবল সাদমান হোসেনই ব্যাট হাতে ছিলেন সফল। তাঁর ৪৯ রান ছাড়া আর কেউ ভালো করতে না পারলে ১৭৮ রানের লক্ষ্য আর ছোঁয়া হয়নি বাংলাদেশের।
সাদমান ছাড়াও মেহেদি করেন ১৬ রান। রাহাতুল ফেরদৌসের ব্যাট থেকে আসে ১০ রান। দুঃখের বিষয়, এই তিনজন ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার ছিলেন প্রিস্টন ম্যাকসুইন। তিনি ২০ রানের বিনিময়ে ফিরিয়ে দেন ৪ বাংলাদেশি ব্যাটসম্যানকে। রে জর্ডানের সংগ্রহ ২ উইকেট।
১৯ অক্টোবর সিরিজের ষষ্ঠ ম্যাচটি অনুষ্ঠিত হবে এই গায়ানার জর্জ টাউনেই।