চট্টগ্রামের পয়েন্ট ৪৬, ঢাকা মহানগরের ৪৫.৪৬। ভগ্নাংশ ব্যবধানের এই লড়াইয়ে চট্টগ্রামকে ছাপিয়ে যাওয়ার পরীক্ষা শুরু হচ্ছে আজ ঢাকা মহানগরের। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে ওয়ালটন ১৩তম জাতীয় লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে আজ থেকে মুখোমুখি পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল দুটি।চতুর্থ রাউন্ড শেষে ৫০.৫৮ পয়েন্ট নিয়ে খুলনা আছে শীর্ষে। যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে তাদের পঞ্চম রাউন্ডের প্রতিপক্ষ ২৩.৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকা রংপুর। চতুর্থ আর পঞ্চম স্থানে থাকা সিলেট ও রাজশাহী খেলবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এই ম্যাচের আগে ৪৫ পয়েন্ট নিয়ে সিলেটই আছে সুবিধাজনক জায়গায়। রাজশাহীর পয়েন্ট ৩৬.২৬।বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় ঢাকা-বরিশালের ম্যাচটিতেও থাকছে প্রতিদ্বন্দ্বিতার আভাস। পয়েন্ট টেবিলের একেবারে নিচে তাদের নাম থাকলেও এই ম্যাচটি একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার লড়াই। সপ্তম স্থানে থাকা ঢাকার পয়েন্ট ২৩.৫২, শেষ দল বরিশালের পয়েন্ট ২০.৬৮।২৪ নভেম্বর পঞ্চম রাউন্ডের খেলা শেষ হবে। ষষ্ঠ ও সপ্তম রাউন্ডের ম্যাচ শুরু ২৮ নভেম্বর ও ৫ ডিসেম্বর থেকে।