পঞ্চম হওয়ার মিশনে হকি দল
ষষ্ঠ হওয়া কঠিন নয়। তবে পঞ্চম হতে পারলে এবারের এশিয়া কাপে সেটি হবে বাংলাদেশের একটা বড় সাফল্য। সেই লক্ষ্য নিয়েই গতকাল মালয়েশিয়ার ইপোতে গেল জাতীয় হকি দল।
আজ পাকিস্তানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথা। ২৫ আগস্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ দল শুরু করবে নবম এশিয়া কাপ মিশন। পরদিন তুলনামুলক সহজ প্রতিপক্ষ ওমানের বিপক্ষে খেলা। ২৮ আগস্ট বাংলাদেশের শেষ গ্রুপ ম্যাচ শক্তিশালী ভারতের সঙ্গে।
দক্ষিণ কোরিয়া, ভারতের মতো প্রতিপক্ষের সামনে মাথা তুলে দাঁড়ানো বড় এক চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে জয়ী হয়ে এই এশিয়া কাপে চমক দেখানোর আশাও করছেন কোচ নাভিদ আলম। কুয়ালালামপুরগামী বিমানে ওঠার আগে পাকিস্তানি কোচের কণ্ঠে থাকল সেটিরই অনুরণন, ‘ছেলেরা আমার পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে চমক দেখাতে চাই আমরা। সেটা হলে আমরা পঞ্চম হতে পারি টুর্নামেন্টে। সেটাই আমাদের মূল লক্ষ্য।’