ঢাকা ছাড়ার আগে মাহবুব হারুন ছিলেন শঙ্কিত, ‘আট দলে না অষ্টম হয়ে ফিরি!’ প্রস্তুতির ঘাটতির কারণেই আত্মবিশ্বাস ছিল না বাংলাদেশ দলের কোচের। কিন্তু মালয়েশিয়ায় অনূর্ধ্ব-২১ এশিয়ান জুনিয়র হকিতে ভালোই করল বাংলাদেশ। কাল দ্বিতীয়বারের মতো ওমানকে হারাল অসীম গোপের দল, এবার স্থান নির্ধারণী ম্যাচে পেনাল্টি শ্যুট আউটে ৩-২ গোলের জয়। আজ স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে জিততে পারলে পঞ্চম স্থান জুটবে, না পারলে ষষ্ঠ স্থান।
ওমানের সঙ্গে গ্রুপ পর্বে ৫-৪ গোলে জেতার আত্মবিশ্বাসটা ভালোই কাজে লেগেছে। তবে এবারও তাদের সঙ্গে লড়াই হলো তীব্র। নির্ধারিত ৭০ মিনিটে ম্যাচটা ২-২ ছিল। ৩১ মিনিটে রোমানের পেনাল্টি কর্নারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৬৪ ও ৬৭ মিনিটে দুই গোল করে জয় দেখছিল ওমান। শেষ বাঁশির ঠিক আগ মুহূর্তে ফিল্ড গোলে ২-২ করেন মিলন। পেনাল্টি শ্যুট আউটে বাংলাদেশ ম্যাচটা জিতে নেয় ৩-২ গোলে। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন বাংলাদেশ দলের ফজলে হোসেন রাব্বি।