পঞ্চমবারের মতো বোল্ট

বর্ষসেরা পুরুষ অ্যাথলেটের পুরস্কার হাতে মিটিমিটি হাসছেন উসাইন বোল্ট—২০১০ সালটিকে ব্যতিক্রম ধরলে ২০০৮ সাল থেকে এটা যেন প্রতীকী ছবি হয়ে গেছে। মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপে আলো ছড়ানোর সুবাদে এবারও পুরস্কারটা বোল্টের হাতেই উঠবে, এটা অনুমিতই ছিল। অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার! সেই ঘোষণাটাও এল গত পরশু। মোনাকোর গালা অনুষ্ঠানে সংক্ষিপ্ত তালিকায় থাকা বাকি দুজনকে হতাশ করে ২০১৩ সালের বর্ষসেরা পুরুষ অ্যাথলেটের পুরস্কার জিতে নিয়েছেন বোল্ট।
এ নিয়ে টানা তৃতীয়বার এবং সব মিলিয়ে গত ছয় বছরে পঞ্চমবার এই পুরস্কার জিতলেন জ্যামাইকান বজ্রবিদ্যুৎ। ২০০৮, ২০০৯, ২০১১ ও ২০১২ সালেও পুরস্কারটা জিতেছেন তিনিই। ২০১০ সালে বোল্টকে হতাশ করে উৎসব করেছিলেন কেনিয়ান মাঝারিপাল্লার দৌড়বিদ ডেভিড রুডিশা। শুধু বোল্টই নন, পরশু জ্যামাইকানদের আনন্দটা দ্বিগুণ করেছেন শেলি-অ্যান ফ্রেসার-প্রাইসও। প্রথমবার বর্ষসেরা নারী অ্যাথলেটের পুরস্কার জিতেছেন বোল্টের স্বদেশিনী। বোল্টের মতো ‘পকেট রকেট’খ্যাত ২৬ বছর বয়সী এই স্প্রিন্টারও মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতেছিলেন ‘ট্রেবল’। ১৯৯০ সালে মারলিন ওটির পর এই প্রথম জ্যামাইকার কোনো মেয়ের হাতে উঠল এই পুরস্কার। ১৯৯৩ সালের পর এই প্রথম দুটি পুরস্কারই জিতলেন একই দেশের দুই স্প্রিন্টার।
বোল্টের সঙ্গে মূল লড়াইটা হয়েছে মস্কোতে ৫ হাজার ও ১০ হাজারে মিটারে সোনাজয়ী মো ফারাহর সঙ্গে। পুরস্কার পাওয়ার পর বোল্টের টুইট, ‘ওয়াউ...আরেকটি আইএএএফ বর্ষসেরা অ্যাথলেটের পুরস্কার। আমি গর্বিত...জ্যামাইকা, এই পুরস্কারটা তোমার দেশের মানুষের জন্য।’ সঙ্গে আরও একবার জানিয়ে দিলেন ২০০ মিটারে নিজের বিশ্ব রেকর্ডটা নতুন করে গড়ার আকাঙ্ক্ষার কথা, ‘এটা সব সময়ই আমার স্বপ্ন, আমার লক্ষ্য। এই মৌসুমটি হবে আমার বিশ্ব রেকর্ড গড়ার মৌসুম।’
বোল্ট কথা বলেছেন অন্য একটা অপ্রীতিকর প্রসঙ্গেও। পাওয়েলরা ডোপ পজিটিভ প্রমাণিত হওয়ার জের ধরে কিছুদিন আগে জ্যামাইকান অ্যাথলেটিকস ফেডারেশনকে সতর্ক করে দিয়েছে ওয়াডা (বিশ্ব ডোপবিরোধী সংস্থা)। এমনও গুঞ্জন ছড়ায়, ২০১৬ অলিম্পিকে জ্যামাইকা অংশ নিতে পারবে না। বোল্টের দাবি, ওয়াডার কারণে তাঁকে অনেক মূল্য দিতে হয়েছে। তাঁর বড় বড় বিজ্ঞাপন চুক্তি বাতিল হয়ে গেছে। তবে ডোপ পরীক্ষার ব্যাপারে ফ্রেসারের মতো জ্যামাইকান ফেডারেশনকে দোষারোপ করে অসহযোগে যাওয়ার পক্ষে নন বোল্ট। বরং মনে করেন, স্প্রিন্টার হিসেবে নিজে থেকেই ডোপ পরীক্ষা করানোটা তাঁর দায়িত্ব, ‘আমার পক্ষে ধর্মঘট করাটা কঠিন। কারণ এটা আমারই দায়িত্ব।’ এএফপি।