পঞ্চাশ পেরিয়ে কালের মহানায়ক
ভিলা ফিওরিতোর বস্তিবাসী ডিয়েগোর নিত্য অভাব লেগে থাকা সংসারে কমতি ছিল সবকিছুরই। নুন আনতে পান্তা ফুরোয়। হয়তো কোনো দিন নুনটাই জোটে না। কিন্তু একটা জিনিস ছিল অফুরান—আবেগ উপচানো ভালোবাসা! আর ছিল অবাধ স্বাধীনতা। বাড়ির ছয় সন্তানের কে কখন কোথায় যাচ্ছে না-যাচ্ছে তা দেখার ফুরসত ছিল না দালমার। আর এই স্বাধীনতা পেয়েই বস্তির ছেলেদের সঙ্গে ছেঁড়াখোঁড়া বল নিয়ে দিনমান খেলায় ব্যস্ত ছিল আরমান্ডো।এরপরের দৃশ্যগুলো যেন ফাস্ট ফরোয়ার্ড। আর্জেন্টিনা জুনিয়র্স থেকে বোকায়। সেখান থেকে বার্সেলোনায় হয়ে নাপোলি। এরই মধ্যে যুব বিশ্বকাপ জিতে হাত মসকো করে ১৯৮৬-এর সেই অবিস্মরণীয় কীর্তি। বস্তির ধুলোমাখা জীবন ছেড়ে যশ, খ্যাতি, প্রাচুর্যের সাগরে ভেসে যাওয়া।খ্যাতির তুঙ্গে থেকে মাদকের অন্ধকার জীবনে ঢুকে পড়া। মৃত্যুর সঙ্গে লড়াই করে ফেরা। কোচ হয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন। বিশ্বকাপের বাছাইপর্ব থেকেই ছিটকে যেতে যেতে ঠিকই টিকিট পেয়ে যাওয়া। চূড়ান্ত পর্বে দুর্দান্ত শুরু। কিন্তু আবারও কোয়ার্টার ফাইনালে হোঁচট খেয়ে বিদায়। দলের সঙ্গে সঙ্গে বিদায় তাঁরও। ঈশ্বর যেন নিজে লিখেছেন তাঁর জীবনের পাণ্ডুলিপি। এতক্ষণ কোথাও বলা হয়নি তাঁর নাম। কিন্তু বুঝতেও কষ্ট হয় না, উপন্যাসের মতো প্রতিটি অধ্যায়ে মিশে থাকা উত্থান-পতনময় এই জীবনের গল্পটা একজনেরই—ডিয়েগো, ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা।ফুটবলের সর্বকালের অন্যতম সেরা, অনেকের চোখে সর্বকালেরই সেরা ফুটবলার আরেকটি ‘মাইলফলক’ পেরিয়ে গেলেন। কাল ছিল তাঁর ৫০তম জন্মদিন। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর আগে ঈশ্বরকেও একটি ধন্যবাদ দিয়ে রাখুন ম্যারাডোনাকে এই মর্ত্যে পাঠানোর জন্য। ম্যারাডোনা ছাড়া এই পৃথিবীর অস্তিত্বই যে অসম্পূর্ণ!আক্ষরিক অর্থেই যেন দারিদ্র্য তাঁকে মহান করেছে। নিজের শতছিন্ন শৈশবের কথা কখনোই ভোলেননি। অনটনের সংসারে সন্তানদের মুখে খাবার তুলে দিতে মা যে প্রায়ই অভুক্ত থেকে যেতেন, সেই গল্পও ম্যারাডোনা শুনিয়েছেন আমাদের, ‘আমার বুড়ো মা সব সময় মিথ্যা বলত, কিন্তু আমার কাছে ঠিকই ধরা পড়ে যেত। খাবারের সময় বলত, তাঁর নাকি পেটে ব্যথা, খাবেন না। কিন্তু সেটা ছিল পুরো মিথ্যা। জানতাম, তিনি না খেয়ে খাবার বাঁচিয়ে সেটা তুলে দিচ্ছেন আমাদের মুখে।’তাও কি পেট ভরত? আধপেটা খেয়ে থেকেছেন প্রায়ই। এই ক্ষুধা ভুলে থাকার আশ্রয় ছিল ফুটবল। দারিদ্র্য থেকে মুক্তির পথও ছিল এই ফুটবল। মাত্র ১৫ বছর বয়সেই পেশাদার ফুটবলে অভিষেক। প্রথম বেতন পেয়েই ম্যারাডোনা তাঁর ভাইবোনদের নিয়ে গিয়েছিলেন খেলনার দোকানে। ছেলেবেলায় প্রতিদিন যেসব খেলনার জন্য হাপিত্যেশ করেছেন, সেসব কিনে দিয়েছেন দুহাত ভরে। অথচ সেই খেলনা নিয়ে খেলার বয়স তত দিনে পেরিয়ে এসেছেন তাঁরা। কিন্তু পাগলাটে ভাইকে সেটা বোঝায় সাধ্য কার!জীবনের প্রতিটি পরতে এভাবেই আবেগ মিশে আছে ম্যারাডোনার। এই আবেগ-এই ভালোবাসার কী এক আশ্চর্য টান আছে বলেই ম্যারাডোনা সহজেই ঘুচিয়ে দেন দেশকালের গণ্ডি। যে আপনি ম্যারাডোনা ভক্ত, একবার ভেবে দেখুন, একবারের জন্যও কি মনে হয়েছে, ওই আধা কোঁকড়ানো চুলের লোকটা আপনার দেশের কেউ নন; ভিনদেশি!তাঁর ৫০তম জন্মদিনের উৎসব তাই শুধু আর্জেন্টিনায় নয়, হয়েছে সব দেশেই। সাড়ম্বরে হয়নি। কিন্তু লোক দেখানো আড়ম্বরেরই বা কী দরকার!ম্যারাডোনার প্রিয়তম শব্দ হলো চ্যালেঞ্জ। কী দরকার ছিল তাঁর জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার। সেটাও এমন এক সময়, দল কিনা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। দিব্যি তো তিনি ‘ফুটবল-ঈশ্বর’ হয়ে আছেন কল্পলোকে। সেই চ্যালেঞ্জ তিনি নিয়েছেন। সফল হননি। ব্যর্থ হয়েছেন বলা যাবে না। গত বিশ্বকাপের পঞ্চম সেরা দল ছিল আর্জেন্টিনা। সাম্প্রতিক সময়ে বিশ্বকাপে তাদের সবচেয়ে ভালো অর্জন।কিন্তু চ্যাম্পিয়ন না হওয়া মানেই ম্যারাডোনার কাছে ব্যর্থতা। আর তাই তিনি প্রস্তুত হচ্ছেন আরেক চ্যালেঞ্জের জন্য। ‘আমার কিছু হিসাব চুকানোর আছে’—ম্যারাডোনার এই কথায় কী বুঝলেন? ওঁদের চোখেআমি যদি এক লাখ বছরও খেলি, ম্যারাডোনার ধারেকাছেও পৌঁছাতে পারব না।একালের ম্যারাডোনা লিওনেল মেসিআমাদের প্রজন্মের কাছে তিনিই সর্বকালের সেরা।বার্সেলোনা কোচ পেপ গার্দিওলাবল দিয়ে জিদান যেসব কারিকুরি করে দেখায়, ম্যারাডোনা সেটা কমলালেবু দিয়েই করে দেখাতে পারে।সাবেক ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনিআমার দেখা সেরা ফুটবলার তিনিই। প্লাতিনি, রুমেনিগেদের চেয়েও তিনি অনেক এগিয়ে আছেন।ইতালির সাবেক খেলোয়াড় পাওলো মালদিনিতিনিই আমার আদর্শ। তাঁর চেয়ে ভালো আর কেউ কখনোই ছিল না।সাবেক পর্তুগিজ তারকা লুই ফিগোপেলে আমার আদর্শ। কিন্তু আমি ম্যারাডোনাকে খেলতে দেখেছি। তিনিই যে এক নম্বর এতে আমার মনে কোনো প্রশ্ন নেই।ব্রাজিলিয়ান ফুটবলার রবার্তো কার্লোস