পঞ্চাশেও বুড়ি নন ওটি
বয়স ৫০ পেরিয়ে দুই মাস। এই বয়সের একজন মহিলার পক্ষে কি অ্যাথলেটিক ট্র্যাকে দৌড়াদৌড়ি করা সম্ভব? সম্ভব-অসম্ভব জাতীয় কথাবার্তা অন্তত মারলিন ওটির সামনে উচ্চারণ করতে যাবেন না। ওটি এই বয়সেও অ্যাথলেটিক ট্র্যাকে ঝড় তুলেই বেড়াচ্ছেন কিংবা ঝড় তুলবেন বলে প্রস্তুতি নিচ্ছেন।অ্যাথলেটিকসে গাদা গাদা রেকর্ড আছে ওটির। সেই ১৯৯০ সালে যখন ৩০ পেরিয়ে যান, তারপর থেকেই অ্যাথলেটিক ট্র্যাকে বয়স্ক দ্রুতগতির তারকা তিনি। তাই ওটি ট্র্যাকে নামা মানেই রেকর্ড। আর এবার তো গড়তে যাচ্ছেন নতুন এক রেকর্ড! আগামীকাল মঙ্গলবার স্পেনের বার্সেলোনায় শুরু হতে যাচ্ছে ২০তম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। স্লোভেনিয়ার রিলে দলের হয়ে ওটি অংশ নেবেন ৪–১০০ মিটার রিলেতে। ট্র্যাকে পা ফেলতেই গড়ে ফেলবেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসের সবচেয়ে বয়স্ক তারকার রেকর্ড।রেকর্ডটি এখনো ফ্রান্সের নিকোলে ব্র্যাকেবাস্ক-লিভেকের দখলে। ১৯৯৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তিনি দৌড়েছিলেন ৪৭ বছর বয়সে। ১৯৮০-২০০০; ১৯৬০-এ জন্ম নেওয়া ওটি এই ৬টি অলিম্পিক আসরে অংশ নিয়েছেন জন্মভূমি জ্যামাইকার হয়ে। নাগরিকত্ব বদলে স্লোভেনিয়ার হয়ে ২০০৪ এথেন্স অলিম্পিকে অংশ নিয়ে গড়েছেন সর্বোচ্চ ৭টি অলিম্পিকে অংশ নেওয়ার বিরল রেকর্ড। ২০০৮ বেইজিং অলিম্পিকেও অংশ নিতেন। দুর্ভাগ্য, বাদ পড়েন বাছাইপর্বে।একসময় অলিম্পিকের সর্বোচ্চ ৯টি (তিনটি রুপা ও ৬টি ব্রোঞ্জ) পদক জয়ের রেকর্ডটিও ছিল ওটির। তার পরও তাঁর আফসোস—অলিম্পিকে সোনার পদক পাওয়া হয়নি একবারও। ওয়েবসাইট।