পঞ্চাশেও সেই একই মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্ফোরক এক খবর ছেপে তাঁকে জন্মদিনের আগাম উপহার দিয়েছিল মার্কা। পাল্টা উপহার এবার হোসে মরিনহোও দিলেন। গতকাল রিয়াল মাদ্রিদের ম্যাচ ছিল। পরশু ম্যাচ-পূর্ব নিয়মিত সংবাদ সম্মেলনে আসেননি মরিনহো। এমনকি সহকারী আইতর কারাঙ্কাকেও পাঠাননি। এর বদলে পরশু সংবাদ সম্মেলনে সামনে ‘হাজিরা’ দিলেন দলের ১৯ বছর বয়সী ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানে। স্প্যানিশ সংবাদমাধ্যমের সঙ্গে আড়ি নিলেও ইতালির এক টিভি চ্যানেলকে ঠিকই সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে পঞ্চাশেও মরিনহোকে মনে হয়েছে আগের মতোই ক্ষুরধার, ঘোরতর দুঃসময়েও প্রবল আত্মবিশ্বাসী। মরিনহো অনেকটা ঘোষণার সুরেই বলেছেন, আরও একটা চ্যাম্পিয়নস লিগ তিনি জিতবেন।স্প্যানিশ সংবাদমাধ্যমকে অনেক আগে থেকেই এড়িয়ে চলছেন মরিনহো। সাংবাদিকদের সঙ্গেই তাঁর সম্পর্ক বরাবর অম্ল-মধুর। পার্থক্য হলো, স্পেনে আসার পর থেকে মধু কমতির দিকে, অম্লের পরিমাণটাই বেড়েছে। সর্বশেষ মার্কার সেই বিস্ফোরক খবর, যেখানে দাবি করা হয়েছে, রিয়াল ড্রেসিংরুমের স্প্যানিশ খেলোয়াড়েরা নাকি মরিনহোর অপসারণের দাবি জানিয়েছেন ক্লাব সভাপতির কাছে। সেই খবর অবশ্য সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আগেই অস্বীকার করেছেন। মার্কারও দাবি, তারা মিথ্যা বলেনি। এই চাপান-উতোরের মধ্যেই পরশু পঞ্চাশ পূর্ণ করলেন মরিনহো।মানুষের জীবনে ‘৫০’ নিশ্চয়ই একটি বিশেষ বছর। স্প্যানিশ সংবাদমাধ্যম অবশ্য সরাসরি জানতে পারল না এ নিয়ে মরিনহোর ভাবনা। তবে ইতালির ‘রাই’ টিভিকে মরিনহো বলেছেন, ‘৫০ আসলেই একটা দারুণ সংখ্যা। এটা আপনাকে সুযোগ করে দেয় সেই অবকাশের, এ পর্যন্ত জীবনে যা যা ঘটেছে সেটি আরেকবার ভেবে দেখার।’ পোর্তো আর ইন্টার মিলানের হয়ে দুবার চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পেয়েছেন, সেটি আবার পেতে চান বলেও জানিয়েছেন, ‘আমি এটা বলতে পারব না যে এবারই সেটা জিতব, তবে আমার ক্যারিয়ারের এখনো ১৫-২০ বছর বাকি আছে। আমি অবশ্যই তা করে দেখাব।’তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতলে মরিনহোর নাম কিংবদন্তি কোচের তালিকায় উঠে যাবে তর্কাতীতভাবে। ‘চ্যাম্পিয়নস লিগ’ নামকরণের পর এই ট্রফি দুবারের বেশি জেতার নজির নেই কোনো কোচের। তিনবারও একজনই জিতেছেন। লিভারপুলের কিংবদন্তি বব পেইসলি (১৯৭৭, ১৯৭৮ এবং ১৯৮১ সালে)। পেইসলিকে যে ছুঁয়ে ফেলবেন, এ ব্যাপারে মরিনহোর নিজের সংশয় সামান্যই। তবে সেটি রিয়ালের হয়েই জিতবেন কি না, সেটি তিনি জানেন না।ইন্টার মিলানে আবার ফিরতে পারেন কি না—এমন প্রশ্নের জবাবে রাই টিভিকে মরিনহো বলেছেন, ‘এখনো অনেক কিছুই করার বাকি আছে। এর একটা হতে পারে ইন্টারে ফিরে যাওয়া। কেন নয়?’ রয়টার্স।