পঞ্চাশের আগাম শুভেচ্ছা
পেলের নাম এলে ম্যারাডোনার নামটা যেন আসতেই হবে। এই গ্রহের ফুটবল নিয়ে কোনো আলোচনা হলেই আসলে এই দুজনের নাম চলে আসে। ব্যাপারটা কি প্রকৃতি আগে থেকেই জানত? তা না হলে এই দুই ফুটবল কিংবদন্তিকে একই মাস অক্টোবরে কেন পৃথিবীতে পাঠানো হবে!১৯৪০ সালের ২৩ অক্টোবর পৃথিবীতে এসেছিলেন পেলে। ঠিক ২০ বছর পর, ১৯৬০ সালের ৩০ অক্টোবর আলোর মুখ দেখেছিলেন ম্যারাডোনা। মানে, পেলের যেদিন ৭০ বছর পূর্ণ হলো, তার ৭ দিন পর ৫০ বছর পূর্ণ হচ্ছে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির।সাও পাওলো থেকে নিউইয়র্ক যেমন মেতে উঠেছিল পেলের জন্মদিনে, তেমনি বুয়েনস এইরেস থেকে নাপোলি মাতবে ম্যারাডোনার জন্মদিনে। বুয়েনস এইরেস, নাপোলি, বার্সেলোনা তো বটেই, ফ্রান্সেও লেগেছে ম্যারাডোনার জন্মদিনের উৎসবের ছোঁয়া।উৎসবের ছোঁয়া লেগেছে মিশেল প্লাতিনির গায়েও। প্লাতিনি-ম্যারাডোনা কোনো কালেই এমন কিছু ঘনিষ্ঠ ছিলেন না। বরং প্রায় সমকালীন এই দুই ফুটবল গ্রেটের সম্পর্কে একটু অম্লতাই মেশানো থাকে। তার পরও প্লাতিনি ম্যারাডোনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এবং তাঁর সুস্থ জীবন কামনা করে বলেছেন, ‘আমি ম্যারাডোনার কাছ থেকে কী কেড়ে নিতে চাই? ইংল্যান্ডের বিপক্ষে করা তার সেই বিখ্যাত গোলটা। স্রেফ অসাধারণ একটা গোল। তার সম্পর্কে আমার সবচেয়ে ভালো স্মৃতি হচ্ছে জুভেন্টাস ও নাপোলির দ্বৈরথ। আমাকে ইতালিয়ান সংবাদমাধ্যম অনেক সময় ম্যারাডোনার সঙ্গে তুলনা করত। কিন্তু আমাদের পরস্পরের প্রতি অগাধ শ্রদ্ধাবোধ ছিল। আমরা আসলে ভিন্ন ধরনের খেলোয়াড় ছিলাম। তার ফুটবল নিয়ে ছিল অপরিসীম আবেগ, আর আমার কাছে খেলাটা স্রেফ খেলা ছিল।’ম্যারাডোনার জন্ম-অর্ধশতবার্ষিকী শুধু প্লাতিনিকেই ছুঁয়ে যাচ্ছে না। দোলা লাগছে ম্যানচেস্টারেও! ম্যানচেস্টার-ভিত্তিক বেতার ‘বিবিসি রেডিও ফাইভ-লাইভ’ ম্যারাডোনাকে নিয়ে একটি নাটক বানানোর প্রকল্প হাতে নিয়েছে।চ্যানেলটির এই উদ্যোগের উপলক্ষ অবশ্য ঠিক ম্যারাডোনার জন্মদিন নয়। ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার বিখ্যাত সেই ‘হ্যান্ড অব গড’ উপলক্ষে তারা বানাতে যাচ্ছে এই নাটক। ওয়েবসাইট।