প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড়দিন মানে উৎসব। কাজের ফাঁকে একটু দম ফেলার, পরিবারের সঙ্গে একটু সময় কাটানোর উপলক্ষও বটে। ইয়ুর্গেন ক্লপের কাছে অন্তত ব্যাপারটা তা-ই ছিল। বুন্দেসলিগায় থাকতে তো বড়দিনে লম্বা ছুটিই মিলত। ম্যাচের রণকৌশল কী হবে, সেটা নিয়ে ভেবে আর জেরবার হতে হতো না। কিন্তু পুরো ইউরোপ যখন বড়দিনের ছুটি কাটায়, ইংল্যান্ডে ফুটবলারদের দম ফেলার সময় থাকে না। বড়দিনের পরের দিনই যে সব দলকে মাঠে নেমে যেতে হয়। লিভারপুলের নতুন কোচ ক্লপও এবার ভীষণ ব্যস্ত থাকবেন। ইংল্যান্ডে আসার আগেই স্কিইংয়ের একটা পরিকল্পনা করেছিলেন, সেটাও বাতিল করে দিতে হয়েছে। উৎসবের সময় কাজে ব্যস্ত থাকবেন, অন্তত দলের জয় পেলে ‘দুঃখটা’ ভুলে যেতে পারতেন ক্লপ। কিন্তু কাল ওয়াটফোর্ডের কাছে হেরে যাওয়ায় কাটা ঘায়ে আরও নুনের ছিটা লেগেছে! এএফপি।