প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলা চলার সময়ই মাঠে ধুন্ধুমার কাণ্ড শুরু হয়ে গেল। গ্যালারি থেকে উড়ে আসতে থাকল ধোঁয়াবোমা, আতশবাজি। বৃষ্টির মতো পড়তে থাকল প্লাস্টিকের কাপ, বোতল। ম্যাচটাই আর শেষ হতে পারল না। অথচ খেলা শেষ হওয়ার তখন মিনিট খানেক বাকি। গত পরশু গ্রিক কাপের পিএওকে-অলিম্পিয়াকোস ম্যাচে ঘটেছে এ ঘটনা। খেলাটা হচ্ছিল পিএওকের মাঠে, প্রথম লেগে ২-১ গোলে এগিয়ে ছিল অলিম্পিয়াকোস। রেফারির একটা সিদ্ধান্ত নিয়েই খেপে ওঠেন পিএওকে সমর্থকেরা, শুরু করে দেন নরক গুলজার। অলিম্পিয়াকোস কোচ মার্কো সিলভাও গ্যালারি থেকে উড়ে আসা প্লাস্টিক কাপের আঘাতে সামান্য আহত হয়েছেন। খেলা শুরুর আগেই অবশ্য গন্ডগোল শুরু হয়ে গিয়েছিল, মাঠের বাইরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকেরা। রেফারির সিদ্ধান্ত পরে ঘি ঢেলেছে সেই আগুনে। সামনের সপ্তাহে পরের লেগ হওয়ার কথা, কিন্তু সেটির ভাগ্য বড় অনিশ্চিত! এএফপি।