পতাকা থাকবে আসিফের হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশীয় গেমসটা বাংলাদেশ সফলভাবে আয়োজন করতে পারবে কি না, অনেকের মনেই এমন সংশয় আছে। তবে বাংলাদেশ দলের শেফ ডি মিশন মিজানুর রহমান মানুর কথা নির্ঝঞ্ঝাট একটা গেমস আয়োজনেরই পূর্বাভাস দিচ্ছে, ‘আমরা এখন শঙ্কামুক্ত!’ভেন্যুগুলো সময়মতো প্রস্তুত হয়নি। কাজের ধীরগতি গোটা আয়োজনকে বাধাগ্রস্ত করেছে। তবে সুসংবাদ অবশ্যই, বাংলাদেশ দলের কর্মকর্তারা মনে করছেন, শেষ সময়ে সব বাধাই মোটামুটি দূর হয়েছে। চিন্তার কিছু নেই!সহকারী শেফ ডি মিশন বাদল রায় এবং জেনারেল টিম ম্যানেজার মাহফুজা আক্তার কিরণকে সঙ্গে নিয়ে কাল সংবাদ সম্মেলনে প্রস্তুতির সর্বশেষ খবর জানালেন শেফ ডি মিশন। এখানে তাঁদের তিনজনেরই অভিন্ন দাবি ছিল, ‘আমরা সব ভেন্যুতে গিয়ে দেখেছি ভেন্যুগুলো প্রস্তুত। খেলোয়াড়েরা উজ্জীবিত। তেমন কোনো সমস্যা নেই।’তাই এখন শুধু সোনার হিসাবই হচ্ছে বেশি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রত্যাশা, বাংলাদেশ দল ১৭টি সোনাসহ মোট ১০০টি পদক জিতবে। অবশ্য ফেডারেশন কর্মকর্তাদের উচ্চাশা অনুযায়ী স্বাগতিক দল সোনা জিততে পারে ২৩-২৪টি! কাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কর্মকর্তারা বললেন, প্রত্যাশার চেয়েও নাকি ভালো ফল হতে পারে!বিওএর সোনার তালিকায় মহিলা ফুটবল থাকলেও মূল আকর্ষণ পুরুষ ফুটবল নেই। ফুটবল যোগ করার পক্ষে দেখা গেল বাদল রায়কে, ‘ফুটবল তালিকায় থাকার মতো অবস্থানেই আছে। আমরা আশাবাদী।’আশাবাদী অন্য খেলার দলগুলোও। এই আশার সমান্তরালে ফলের প্রত্যাশায় বাংলাদেশ দলকে কাল সকাল ১০টায় নিয়ে যাওয়া হচ্ছে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। প্রধানমন্ত্রী খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে সোনা-রুপা-ব্রোঞ্জজয়ীর জন্য তিন-দুই-এক লাখ টাকা করে অর্থ পুরস্কারের ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে। গেমসের মার্চ পাস্টে বাংলাদেশের পতাকা বহনের জন্য বেছে নেওয়া হয়েছে শ্যুটার আসিফ হোসেন খানকে। শেফ ডি মিশন জানালেন কারণটা, ‘কমনওয়েলথ ও সাফ গেমসে সোনাজয়ীকে যতটা সম্মান ও পরিচর্যা করার দরকার ছিল, ততটা করা হয়নি। তাকে নিয়ে অলিম্পিকে কিছু করার স্বপ্ন দেখে বাংলাদেশ। কাজেই সে-ই আমাদের সেরা পছন্দ।’ খারাপ সময় কাটিয়ে দুই দিন আগে অনুশীলন ক্যাম্পে ১০ মিটার এয়ার রাইফেলে ৬০০-তে ক্যারিয়ার-সেরা ৫৯৭ স্কোর করেছেন, সঙ্গে পতাকা বহনের গৌরব—সাফে সোনা পুনরুদ্ধার করার ব্যাপারে অনুপ্রাণিত বোধ করছেন আসিফ।আর সংগঠকেরা? সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিতে তাঁরা যেন উন্মুখ হয়ে আছেন। অনেক দেরিতে হলেও নতুন ভেন্যুগুলো এখন মোটামুটি প্রস্তুত। কাবাডি-হ্যান্ডবল স্টেডিয়াম হস্তান্তর হয়ে গেছে, গুলশানে অত্যাধুনিক শ্যুটিং কমপ্লেক্স আজ উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। সাড়ে ৬ কোটি টাকার নতুন জিমনেসিয়াম দুই-তিন দিনের মধ্যে প্রধানমন্ত্রী উদ্বোধন করতে পারেন।নতুন বক্সিং স্টেডিয়ামের জন্য অত্যাধুনিক রিং এসেছে বিদেশ থেকে। উশুর সরঞ্জাম আসছে আজ-কালের মধ্যে। অ্যাথলেটিকসের স্টার্টিং গুলি বিদেশ থেকে না এনে শেষ পর্যন্ত দেশের সমরাস্ত্র কারখানায় তৈরি করা হচ্ছে। সাঁতার পুল পেয়েছে নতুন পানি। সাইক্লিংয়ের জন্য বিদেশ থেকে সাইকেল চলে এসেছে। তবে বিদেশি বিশেষজ্ঞ আসতে দেরি হওয়ায় অ্যাথলেটিকসের ইলেকট্রনিক বোর্ড এখনো বসানো যায়নি।এসব খবরের ভিড়ে দুঃসংবাদ আছে একটা—সম্ভবত গেমসে খেলতে পারছেন না জন্ডিসে আক্রান্ত গত সাফে সোনাজয়ী সাঁতারু শাহজাহান আলী রনি। নিশ্চিত একটা সোনা হাতছাড়া হচ্ছে, তবে নিজেদের সবদিক থেকে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার স্বস্তি সেটা যেন ভুলিয়েই দিচ্ছে কর্মকর্তাদের!