পতাকা মেসি-নেইমারের হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের কোপা আমেরিকা কার হবে? লিওনেল মেসি নাকি নেইমারের?ব্রাজিল বনাম আর্জেন্টিনার দলগত দ্বৈরথের মধ্যে এবার দুটি ব্যক্তিগত দ্বৈরথ দেখার আশায় কোপা আমেরিকার দিকে তাকিয়ে থাকবে ফুটবলপ্রেমীরা। মেসি, নেইমার দুজনই এবার যাঁর যাঁর ক্লাবের হয়ে দারুণ সফল একটা মৌসুম কাটিয়েছেন। সাফল্য পেয়েছেন মহাদেশীয় ক্লাব লড়াইয়েও। মেসি যেমন ইউরোপের ক্লাব চ্যাম্পিয়নশিপ—চ্যাম্পিয়নস লিগ জিতেছেন, নেইমারও তেমনি সদ্যই জিতলেন দক্ষিণ আমেরিকার ক্লাব চ্যাম্পিয়নশিপ—কোপা লিবার্তোদোরেস। এ বছরের শেষে দুজনের দলই মুখোমুখি হবে ফিফা ক্লাব বিশ্বকাপে। অবশ্য এর আগেই যদি না ক্লাব পাল্টে ফেলেন নেইমার।নেইমারের ক্লাব পাল্টে ফেলার যথেষ্টই সম্ভাবনা আছে। সান্তোসের এই ১৯ বছর বয়সী ফরোয়ার্ডের দিকে গত মৌসুমেই হাত বাড়িয়ে দিয়েছিল চেলসি। কিন্তু ইংল্যান্ডের ফুটবলে নেইমার বেশি মানানসই হবেন না, যতটা হবেন স্প্যানিশ লিগে—এমনটাই মত সান্তোসেরই কিংবদন্তি পেলের। ওদিকে রিয়াল মাদ্রিদ নাকি ছয় বছরের চুক্তিতে নেইমারকে দলে চাইছে। এবং এতে সায় আছে পেলেরই। ফলে রিয়ালে চলেও যেতে পারেন নেইমার। সে ক্ষেত্রে মেসি বনাম নেইমার দ্বৈরথ দেখবে স্প্যানিশ লিগ।সেসব পরে হবে। আপাতত দুয়ারে কোপা আমেরিকা। আগামী শুক্রবারেই পর্দা উঠতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার এই শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট। এবং তাতে সম্ভাব্য দুই তারকা হিসেবে বাকিদের ছাপিয়ে উঠে আসছে মেসি আর নেইমারেরই নাম।নেইমারের চেয়ে মেসির জন্য জ্বালাটা বেশি। নেইমার তো আর গত বিশ্বকাপে খেলেননি। মেসি খেলেছেন। ফলে কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই বিদায় নিলেও জ্বালা জুড়ানোর দায় নেইমারের অতটা নেই, যতটা আছে মেসির। তার ওপর গত দুবারের ফিফা বর্ষসেরা এবং এবারও অনেকেরই মতে টানা তৃতীয়বারের মতো বর্ষসেরা হতে চলা মেসির নিন্দুকেরা প্রায়ই মনে করে দেন, বার্সেলোনার জার্সিটা যেমন আর্জেন্টিনার জার্সির চেয়ে রংচঙে, উজ্জ্বল; তেমনি দুই জার্সি গায়ে মেসির পারফরম্যান্সও একই রকম। ২০০৮-০৯ মৌসুমে ৫১ ম্যাচে ৩৮ গোল, ২০০৯-১০ মৌসুমে ৫৩ ম্যাচে ৪৭ গোল এবং সদ্য শেষ হওয়া ২০১০-১১ মৌসুমে ৫৫ ম্যাচে ৫৩ গোল—প্রতিটি মৌসুমেই নিজেকে এক ধাপ এগিয়ে নিয়েছেন মেসি। কিন্তু ক্লাবের হয়ে পাওয়া এই সাফল্য মোটেও অনূদিত হয়নি জাতীয় দলের জার্সি গায়ে। গত বিশ্বকাপে তো একটি গোলও পাননি।পেলের মতো মহান ব্যক্তিও এই বলে খোঁটা দিয়েছেন, জাতীয় দলের মেসির এই বিবর্ণতাকে অন্তত নিশ্চিতভাবেই ছাপিয়ে যাবে নেইমার। জাতীয় দলের জার্সি গায়ে নেইমারের উজ্জ্বল শুরু সেই পূর্বাভাসই দেয়। এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে ৫ ম্যাচে তিন গোল করেছেন এই স্ট্রাইকার। এর মধ্যে আছে স্কটল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে জোড়া গোলও। সেখানে জাতীয় দলের হয়ে মেসি এখন পর্যন্ত ৫৬ ম্যাচে করেছেন ১৭ গোল। আনুপাতিক হারে ঢের পিছিয়ে। শুধু মেসি বা নেইমার নন; এবারের কোপায় তরুণদের মধ্যে আলো ছড়াতে পারেন নেইমারের সান্তোস-সতীর্থ পাওলো হেনরিক গানসো। চিলি যেমন বড় আশা নিয়ে তাকিয়ে থাকবে দলবদলের এই মৌসুমে আরেক আলোচিত উঠতি তারকা অ্যালেক্সিস সানচেজের দিকে। আর পোর্তোর হয়ে গত ইউরোপা লিগ মাতিয়ে দেওয়া কলম্বিয়ার রাদামেল ফ্যালকাও আছেন আন্তর্জাতিক মঞ্চে নিজেকে তুলে ধরতে। এএফপি।