পতাকায়সংহতি
সেল্টিক পার্কের গত বুধবারের ওই দৃশ্যটা ফেসবুক-টুইটারে ‘ভাইরালই’ হয়ে গিয়েছিল। চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে স্কটিশ ক্লাবের সেল্টিকের সঙ্গে খেলছিল ইসরায়েলের ক্লাব হ্যাপোয়েল বিয়ার শেভা, আর গ্যালারি ছেয়ে যায় লাল-সবুজ-সাদার ফিলিস্তিনি পতাকায়। কিন্তু ব্যাপারটা ভালোভাবে নেয়নি উয়েফা, মাঠে রাজনৈতিক প্রচারণার জন্য ১৫ হাজার পাউন্ড জরিমানা দিতে হতে পারে সেল্টিককে। কিন্তু সেল্টিক সমর্থকেরা তাতে দমে যাচ্ছেন না, বরং ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য নতুন উদ্যোগও নিয়েছেন তাঁরা। এর মধ্যে একটা ওয়েবসাইট খুলে ফিলিস্তিনিদের জন্য তহবিল গড়ার কাজও শুরু হয়ে গেছে। প্রাথমিক লক্ষ্য ১৫ হাজার পাউন্ড থাকলেও এরই মধ্যে প্রায় ৯০ হাজার পাউন্ড উঠে গেছে। আগের লেগে নিজেদের মাঠে ৫-২ গোলে জিতেছিল সেল্টিক, গতকাল দ্বিতীয় লেগ খেলতে ইসরায়েল যাওয়ার কথা ছিল। সেখানে গিয়ে কি সেল্টিক সমর্থকেরা পতাকা ওড়াতে পেরেছেন? উত্তরটা জেনে যাওয়ার কথা এতক্ষণে। এএফপি।