পতৌদিতে ভারতের না !
ভারতের সাবেক অধিনায়ক মনসুর আলী খান পতৌদির স্মরণে ২০০৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত টেস্ট সিরিজটির নামকরণ করা হয়েছিল পতৌদি ট্রফি। সেটা অবশ্য ছিল মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) মস্তিষ্কপ্রসূত। তবে এবার ভারতের মাটিতে অনুষ্ঠেয় টেস্ট সিরিজের নামকরণে আর ভারতের সাবেক এই অধিনায়ক থাকছেন না। সদ্যপ্রয়াত মনসুর আলী খান পতৌদির নামে এবারের সিরিজটিরও নামকরণে প্রস্তাব এসেছিল ইংল্যান্ডের কাছ থেকে। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের নামকরণ হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রথম সেক্রেটারি অ্যান্থনি ডি মেলোর নামে। গত বছর ৭০ বছর বয়সে মারা গেছেন ভারতের সাবেক অধিনায়ক মনসুর আলী খান পতৌদি। ১৯৬১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত খেলোয়াড়ি জীবনে ৪৬টি টেস্ট খেলেছিলেন পতৌদি। তার মধ্যে ৪০টি ম্যাচেই তিনি ছিলেন ভারতের অধিনায়ক। ১৯৬৭-৬৮ মৌসুমে ভারত দেশের বাইরে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদও পেয়েছিল তাঁর অধিনায়কত্বে। ২০০৭ সালে ইংল্যান্ড যেভাবে ভারত সফরের টেস্ট সিরিজটাকে পতৌদি ট্রফি নাম দিয়ে দেশের অন্যতম সফল এই অধিনায়ককে স্মরণ করেছিল, ভারতের ক্রিকেট বোর্ডও সেই ধারাটা অব্যাহত রেখে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজটির নাম পতৌদি ট্রফিই রাখবে, এমনটাই আশা করেছিল ভারতের অনেক ক্রিকেট ব্যক্তিত্ব। কিন্তু সেই প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছে ভারতের ক্রিকেট কর্মকর্তারা। আজ এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজটি হবে ক্রিকেট বোর্ডের প্রথম সেক্রেটারি অ্যান্থনি ডি মেলোর নামে। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানের কথা স্মরণ করার জন্য।’ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন দেশটির আরেক সাবেক অধিনায়ক বিসেন সিং বেদী। এর আগে বিসিসিআই কখনোই এই ডি মেলো ট্রফির কথা বলেনি বলে অভিযোগ করেছেন তিনি। নিজের টুইটারে তিনি লিখেছেন, ‘ভারত এর আগে ইংল্যান্ডের সঙ্গে ছয়টি টেস্ট সিরিজ খেলেছে। কিন্তু কোনোবারই এই ডি মেলো ট্রফির কথা তারা উচ্চারণ করেনি।’