পথ খুঁজে পাচ্ছে না ধনী রিয়াল মাদ্রিদ
ইউরোপিয়ান ফুটবলের মৌসুম শুরুর আগে শুরু হয় টাকার খেলা। তারকা খেলোয়াড়দের দলে ভেড়াতে কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে সদর্পে নিজেদের অস্তিত্ব ঘোষণা করে বড় ক্লাবগুলো। অনেক সময় অর্থকড়ির বিচারেই নির্ধারিত হতে থাকে ক্লাবগুলোর শক্তিমত্তা। তবে অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়া আর ফুটবল মাঠের দক্ষতা যে দুটি ভিন্ন ভিন্ন জিনিস তা আরেকবার মনে করিয়ে দিল ইউরোপের অন্যতম ধনী ক্লাব রিয়াল মাদ্রিদ ও স্প্যানিশ লিগের ছোট দল লাভেন্তে। গতকাল স্প্যানিশ লিগে লাভেন্তের সঙ্গে গোল-শূন্য ড্র করে মাঠ ছেড়েছে রোনালদো, ওজিল, ক্যাসিয়াস, ডি মারিয়া ও হিগুয়েইনের মতো তারকাসমৃদ্ধ রিয়াল মাদ্রিদ।গত মৌসুমে ২৫০ মিলিয়ন ডলার খরচ করেছিল রিয়াল মাদ্রিদ। এ বছরও ১০৬.৮ মিলিয়ন ডলারের বিনিময়ে আর্জেন্টিনার ডি মারিয়া, জার্মানির মেসুত ওজিলকে দলে ভিড়িয়েছে তারা। কিন্তু গোলের খেলা ফুটবলে রিয়াল মাদ্রিদকে কোনো গোল উপহার দিতে পারেননি এই তারকা ফুটবলাররা।অন্যদিকে গত দুই বছর ঋণদাতাদের সাহায্য নিয়ে কোনোমতে টেনেটুনে চলছিল লাভেন্তে। লিগে টানা তিনটি ম্যাচ হারের পর আলমেইরার বিপক্ষে ১-০ গোলের জয় আর রিয়াল মাদ্রিদের সঙ্গে ড্র করে তারা পুনরায় তাদের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করেছে। রিয়াল মাদ্রিদের সঙ্গে ড্র করার পর লাভেন্তের প্রেসিডেন্ট বলেছেন, ফুটবলে যে টাকাটাই মুখ্য নয়, সেটাই প্রমাণিত হলো।ইন্টার মিলানকে ট্রেবল জেতানোর পর রিয়াল মাদ্রিদের শিরোপা খরা কাটানোর উদ্দেশ্য নিয়ে স্পেনে এসেছিলেন হোসে মরিনহো। কিন্তু এখন পর্যন্ত খুব বেশি সুবিধা করতে পারছেন না ‘স্পেশাল ওয়ান’। স্প্যানিশ লিগে শুরুটা হয়েছিল ড্র দিয়ে। এরপর টানা তিন ম্যাচ জয়ের পর আবারও লাভেন্তের কাছে হোঁচট খেল তারা। হোসে মরিনহোর গলায় স্পষ্টতই ঝরে পড়েছে হতাশা, ‘আমরা চমত্কার আটটা সুযোগ পেয়েও গোল করতে পারিনি। লিগের সবগুলো ম্যাচেই আমাদের আধিপত্য ছিল। আমাদের কোনো কৌশলগত সমস্যা ছিল না, রক্ষণভাগও খুব শক্তিশালী। আমরা সব সময়ই জিততে চাই, কিন্তু গোল করতে না পারলে তো জেতা যাবে না।’—রয়টার্স