পথহারা মেসিবিহীন বার্সেলোনা?

হলুদের সঙ্গে ডোরাকাটা লাল। বার্সেলোনাকে এই ‘চোখ ধাঁধানো’ জার্সিতে কেমন যেন অচেনা লাগে। পরশুর ম্যাচে তো আরও বেশি অচেনা বার্সেলোনা। লিওনেল মেসি নেই, আর তাতেই এমন ছন্নছাড়া অবস্থা! অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে শেষ পর্যন্ত ১-০ গোলে হেরেই বসেছে। গত সপ্তাহেই চ্যাম্পিয়নস লিগে আয়াক্সের সঙ্গে পরাজয়, এরপর লা লিগায় এই মৌসুমে প্রথম হার। ২০১২ এপ্রিলের পর এই প্রথম টানা দুই ম্যাচে পরাজয়। ‘বার্সা, তুমি কি পথ হারাইয়াছ?’—প্রশ্নটা এখন যেন কান পাতলেই শোনা যায়!
কিন্তু কাকে দোষ দেবেন কোচ জেরার্ডো মার্টিনো? মেসির অভাবটা যাঁর ঢেকে দেওয়ার কথা ছিল সেই নেইমারকে? উঠে যাওয়ার আগ পর্যন্ত নিজেকে হারিয়ে খোঁজা জাভিকে? নাকি ঠিকঠাক রক্ষণদায়িত্ব পালন করতে না পারা পিকে-মাচেরানোকে? পরশু পুরো ম্যাচে গোলে মাত্র দুটি শট নিয়ে বার্সা বুঝিয়ে দিয়েছে আসলে কিসের অভাব। জেরার্ডো মার্টিনো যদি কাউকে ‘দোষ’ দিতে চান, সেটা মেসিকেই দিতে পারেন!
মার্কেল সুসায়েতার ক্রসে ইকার মুনিয়াইনের ৭০ মিনিটের গোল তাই বড় একটা প্রশ্নচিহ্নই এঁকে দিল মার্টিনোর সামনে। লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের ধরে ফেলেছে (১৫ ম্যাচে দুই দলেরই ৪০ পয়েন্ট, বার্সা শীর্ষে গোল ব্যবধানে এগিয়ে থাকায়)। রিয়াল মাদ্রিদ আছে মাত্র ৩ পয়েন্ট পেছনে। মেসির মাঠে ফিরতে ফিরতে সেই জানুয়ারি। তত দিনে কী হাল হবে বার্সার? কিন্তু রোনালদোবিহীন রিয়ালকে নিয়ে যেমন নির্ভার থাকতে পারছেন কার্লো আনচেলত্তি, মেসিবিহীন বার্সাকে নিয়ে তেমনটা থাকতে পারছেন না বার্সা কোচ। মার্টিনোকে অনেক কিছু নিয়েই এখন ভাবতে হবে।
তবে পরশু বিলবাও ১০ জন হয়ে গেল কী হতো সেটা বলা কঠিন। ৫৭ মিনিটে বল নিয়ে বক্সে ঢোকার ঠিক আগে নেইমারকে ফেলে দেন বিলবাও ডিফেন্ডার আন্দের ইতুরাসপে। রেফারি হলুদ কার্ড দেখিয়েই ছেড়ে দিয়েছেন ইতুরাসপেকে। প্রতিবাদ করতে গিয়ে নিজেই হলুদ কার্ড দেখেছেন সার্জিও বুসকেটস। তবে ম্যাচ শেষেও রেফারির সমালোচনা করতে ছাড়েননি বার্সা মিডফিল্ডার, ‘রেফারি তাঁর কাজ ঠিকমতো করতে পারেননি। ওটা লাল কার্ড ছিল। আমার মনে হয়, এটা ম্যাচের গতিপথও বদলে দিতে পারত।’
মার্টিনো সরাসরি আঙুল না তুললেও ঘুরিয়ে-ফিরিয়ে রেফারির দোষটা ধরেছেন, ‘আমার মনে হয় ম্যাচে এমন একটা মুহূর্ত এসেছিল যখন থেকে খেলাটা অন্য রকম হতে পারত।’ হারের হতাশাটা বুকে চেপে আর্জেন্টাইন কোচ দলকে অনুপ্রাণিতই করছেন, ‘৭০ মিনিট পর্যন্ত আমরা ভালোই খেলেছি। প্রথমার্ধে আমরা মৌসুমের অন্যতম সেরা খেলাটা খেলেছি।’
এ ছাড়া আর কী করবেন মার্টিনো? যে দলে জাভি-ইনিয়েস্তার মতো দুই বিশ্বসেরা মিডফিল্ডার আছেন, আছেন নেইমার-ফ্যাবিগ্রাস-পেদ্রোর মতো ফরোয়ার্ড, সেই দল শুধু মেসির অনুপস্থিতির অজুহাত দিয়ে তো চলতে পারে না! এএফপি, ওয়েবসাইট।