পথিকশ্রেষ্ঠ এক রুশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন। কিন্তু অলিম্পিকের সোনাটা অধরা ছিল সার্গেই কিরদিয়াপকিনের কাছে। সর্বশেষ বেইজিং অলিম্পিকে হাঁটা শেষই করতে পারেননি। কিন্তু এবার শুধু সবার আগেই শেষ করলেন না, ৫০ কিলোমিটার হাঁটায় গড়লেন নতুন অলিম্পিক রেকর্ড। সেই ১৯৯২ সালে আন্দ্রেই পেরলভের সোনা জেতার পর আবারও কোনো রুশের গলায় উঠল এই সোনার পদক।৩২ বছর বয়সী সার্গেই সময় নেন ৩ ঘণ্টা ৩৫ মিনিট ৫৯ সেকেন্ড। আগের রেকর্ডটি ছিল ইতালিয়ান অ্যালেক্স স্কোয়াজের, বেইজিংয়ে গত অলিম্পিকে ৫০ মিটার হাঁটায় সার্গেইয়ের চেয়ে ১ মিনিট ১০ সেকেন্ড বেশি নিয়েছিলেন। সার্গেইয়ের চেয়ে ৫৪ সেকেন্ড সময় বেশি নিয়ে এই ইভেন্টে রুপা জিতেছেন অস্ট্রেলিয়ার জার্ড ট্যালেন্ট, ব্রোঞ্জজয়ী চীনের সি তায়াংফেং হেঁটেছেন ১ মিনিট ১৭ সেকেন্ড বেশি সময় নিয়ে। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে যেভাবে দর্শকেরা তাঁদের সমর্থন দিয়েছেন তাতে দারুণ অভিভূত সার্গেই। তবে দর্শকের উল্লাস তাঁর মনোযোগ কাড়তে পারেনি। তাঁর সব মনোযোগ, সব পরিশ্রম, সব দৃঢ়তার লক্ষ্য ছিল ওই সোনার চাকতিটা, ‘এটা হচ্ছে অলিম্পিকের সোনার পদক, তাই আমার কাছে এটাই বেশি মূল্যবান।’ এএফপি।