পথেই চিরবিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফরিদ আহমেদ (মিলু)
মির্জা ফরিদ আহমেদ (মিলু)

বিজয় দিবস হকির ফাইনাল দেখতে উত্তরার নিজের বাসভবন থেকে রওনা হয়েছিলেন। কিন্তু পল্টনে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল পৌঁছাতেই পারলেন না মির্জা ফরিদ আহমেদ (মিলু)। তার আগেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাল না ফেরার দেশে চলে গেলেন হকি ফেডারেশনের বর্তমান সহসভাপতি। হকি অঙ্গনে যিনি ছিলেন সবার ‘মিলু ভাই’ ।
ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী জানিয়েছেন, ‘উত্তরায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মারাত্মক আহত হন মিলু ভাই। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তারপরও তাঁকে বাঁচানো গেল না।’
খেলোয়াড়, সংগঠক ও আম্পায়ার—তিন পরিচয়েই হকিতে ছিলেন মির্জা ফরিদ আহমেদ। ১৯৫৮ সালে প্রথম বিভাগ হকি দিয়ে ক্যারিয়ার শুরু। ১৯৬২ সালে খেলেছেন তৎকালীন পূর্ব পাকিস্তান দলে। জাতীয় প্রতিযোগিতায় ঢাকা বিভাগকে চ্যাম্পিয়ন করেছেন অসংখ্যবার। ১৯৭৫-১৯৮১ পর্যন্ত ফেডারেশনের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৪-৮৮ সাল পর্যন্ত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক, সহসভাপতি ও কার্যনির্বাহী কমিটির সদস্য। স্বাধীনতার আগে থেকে ১৯৯৫ সাল পর্যন্ত আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনিই বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক গ্রেড-১ আম্পায়ার। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে হকি ফেডারেশন, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি ও বিএসজেএ।
৭০ বছর বয়সী এই ক্রীড়া সংগঠকের এক ছেলে ও দুই মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। সেখান থেকে তাঁরা দেশে ফিরলেই দাফন হবে মির্জা ফরিদের।