পথের পাশে আরেক বিশ্বকাপ
সেল্লো মাহলাঙ্গুর কাছে ফুটবল খেলাটা অন্যরকম। ১৮ বছর বয়সী তরুণ ফুটবলকে ভালোবাসে, ফুটবলের জন্য বাঁচে এবং ফুটবলেই নিঃশ্বাস ফেলে। ফুটবলই তাকে সব সমস্যা থেকে দূরে রাখে। জোহানেসবার্গের দরিদ্র জনবসতির টাউনশিপ আলেক্সান্দ্রাতে আগামী ৪ জুলাই শুরু হচ্ছে পথশিশুদের ফুটবল উৎসব। সেখানে খেলবে সুবিধাবঞ্চিত ২০০ জন কিশোর। তাদেরই একজন মাহলাঙ্গু।বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা এই উৎসবের নাম দিয়েছে ‘ফুটবল যেখানে আশা’। ফিফার সঙ্গে আছে বিশ্বের বিভিন্ন সাহায্য সংস্থা। দক্ষিণ আফ্রিকায় যখন বিশ্বকাপ চলবে তখন তারা মাসব্যাপী এর প্রচারণা চালাবে। সুবিধাবঞ্চিত পথশিশুদের সব রকম সামাজিক সমস্যা কাটিয়ে উঠতেই এমন আয়োজন। যদিও টুর্নামেন্ট শুরু হতে এখনো মাস তিনেক বাকি, তবুও ফিফার এমন সামাজিক কার্যক্রম এখন থেকেই তরুণদের স্পর্শ করছে। পরশু আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধনের পর মাহলাঙ্গু জানালেন, ‘আলেক্সান্দ্রায় অনেক তরুণ আছে যারা খারাপ কাজ করে বেড়াচ্ছে এবং ঈশ্বরকে আমি ধন্যবাদ দেব যে আমি ওদের সঙ্গে নেই। ফুটবল ছাড়া থাকলে; আমার মনে হয়, আমি অপরাধীর মতো অন্য কিছু করে বেড়াতাম।’ মাহলাঙ্গু স্থানীয় ফুটবল ক্লাব প্রকল্পের সদস্য, আলেক্সান্দ্রাতেই খেলবে তার দল। দলের আট সদস্যের একজন সে। বিশ্বের আরও ৩০টি দল খেলবে এই টুর্নামেন্টে। পথশিশুদের ফুটবলের ব্যবস্থাপনা পরিচালক ইয়ুর্গেন গ্রাইসবেক জানান, ওই দলগুলোকেই এখানে নির্বাচন করা হয়েছে যারা সামাজিক সমস্যা কাটিয়ে উঠতে প্রতিশ্রুতিবদ্ধ। লন্ডনের গৃহহীন ও কম্বোডিয়ার ভূমিমাইন সমস্যা-আক্রান্ত শিশুরাই বেশি খেলবে এখানে। দক্ষিণ আফ্রিকার এইডস সচেতনতা শিক্ষা নেওয়া শিশুরাও আছে, আছে বিভিন্ন জাতিসত্তার মিশেলে অস্ট্রেলিয়ায় আসা শরণার্থী শিশুরাও। গ্রিসবেক জানিয়েছেন, ‘আমরা এখানে তাদের রোল মডেলদের সম্পর্কে বলেছি, বলেছি যারা তাদের সমাজের চ্যাম্পিয়ন এবং যারা আমাদের ভবিষ্যত্ তাদের নিয়েও।’ ফুটবল থেকে যে শুধু টাকা আয় করা যায়, এটা খেলে খেলোয়াড়েরা কোটিপতি হতে পারে—ফিফা এসব ব্যাপারের বাইরে এখন এই কার্যক্রমেও জোর দিচ্ছে। বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির প্রধান ড্যানি জর্ডান জানিয়েছেন, ‘দক্ষিণ আফ্রিকাতে বড় বড় তারকার আসর বসবে এই বিশ্বকাপে, ব্যাপারটা শুধু তা-ই নয়। এটি আরেকটি আশা, দিনবদলের এবং নতুন সুযোগের।’ আলেক্সান্দ্রা দলের ১৮ বছর বয়সী কোচ লেবোগাং এনজিওয়াকো বলেছেন তাদের শহর টুর্নামেন্টের স্বাগতিক হয়েছে, এটা তাদের জন্য বিশাল সম্মানের ব্যাপার। তিনি এখন ফুটবল নিয়েই স্বপ্ন দেখেন নতুন কিছুর, ‘ফুটবল খেলাটা দারুণ, কারণ রাস্তা থেকে তুলে আনে ছেলেদের...জীবনকে পাল্টে দেওয়ার অভিজ্ঞতা দেয়।’ সেই দিনবদলের আশায় হয়তো উৎসবে মেতে উঠবে পথশিশুরা। ওয়েবসাইট।