পথের শেষ কোথায়!
১০০ মিটার দৌড়ের কথাই ধরুন। আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন (আইএএএফ) স্বীকৃত প্রথম রেকর্ডটি হয়েছিল ১৯১২ সালে। মার্কিন দৌড়বিদ ডন লিপিনকট সময় নিয়েছিলেন ১০.৬ সেকেন্ড। রেকর্ডটিকে ৯ সেকেন্ডের ঘরে নিয়ে আসতে সময় লেগেছে আধা শতাব্দীরও বেশি। ১৯৬৮ সালে যুক্তরাষ্ট্রের জিম হাইনেস সর্বপ্রথম ৯.৯ সেকেন্ড টাইমিংয়ের রেকর্ড গড়েন। সেই ৯.৯-কে ৯.৫৮ বানাতে উসাইন বোল্টদের সময় লেগেছে আরও প্রায় আধা শতাব্দী।রেকর্ড ভাঙার এই গতি যত ধীরই হোক, মানুষ তার সীমা ছাড়িয়ে যাওয়ার নেশায় নিত্যনতুন রেকর্ড করেই চলেছে। বোল্ট তো নিজেই বলেছেন, এই রেকর্ডটা ৯.৫ করে ফেলাও সম্ভব। ওদিকে সাঁতারের পুলে আছেন আরেক ‘জলদানব’ বেইজিং অলিম্পিকে ৮ সোনাজয়ী মাইকেল ফেল্প্স। রেকর্ড তো ভাঙবেই। কিন্তু তার পরও তো সীমা আছে মানুষের। আর কত দূর পর্যন্ত এগোতে পারবেন অ্যাথলেটরা?প্রশ্নটার উত্তর ভবিষ্যতের হাতে। তবে দক্ষিণ কোরিয়ার দুই গবেষক বলছেন, সীমা ছাড়িয়ে যাওয়ার শেষ সীমায় পৌঁছে গেছে মানুষ। সিউলের কেডিআই স্কুল অব পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্টের ইউ স্যাং চ্যাং আর সিউং জিন বেক বলছেন, আর বেশি দিন ভাঙবে না রেকর্ড। ২০১২ লন্ডন অলিম্পিক, এরপর বড়জোর ২০১৪ রিও; তারপর থেমে যাবে রেকর্ডের চাকা।মানুষ তার প্রিয় অ্যাথলেটের রেকর্ড ভাঙা দেখতে পছন্দ করে। সেখান থেকে সে জীবনের লড়াইয়ের প্রেরণাও খুঁজে নেয়। এই দুই তথ্য মেনে এই গবেষকদ্বয় মত দিয়েছেন, রেকর্ড ভাঙার দিন সত্যিই ফুরোল। গত শতাব্দীতে অ্যাথলেটদের পারফরম্যান্সের তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন তাঁরা। এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে ইন্টারন্যাশনাল জার্নাল অব অ্যাপ্লায়েড ম্যানেজমেন্ট সায়েন্স-এ। গবেষকদ্বয় অবশ্য তাঁদের গবেষণায় নিয়ম, পরিমাপক এবং পরিবেশ-পরিস্থিতির পরিবর্তনের বিষয়টি হিসাবে ধরেননি।তার পরও শেষ বলে কিছু নেই। ৪০ বছর আগে এমনই এক গবেষণায় বলা হয়েছিল, ১০০ মিটার দৌড়ে মানুষের সর্বোচ্চ সক্ষমতা হবে ৯.৬০ সেকেন্ড। গত বছরের আগস্টে উসাইন বোল্ট ৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে বাতিল করে দিয়েছেন ওই তত্ত্ব। ওয়েবসাইট।