পদক আনছে ভারোত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একেবারে হইচই ফেলে দেওয়ার মতো হয়তো নয়। তবে বাংলাদেশের অন্য অনেক খেলার চেয়ে ভারোত্তোলনে আন্তর্জাতিক সাফল্য বলার মতোই। যা গুটি গুটি পায়ে ভারোত্তোলকদের এগিয়ে চলার বার্তাই জানান দিচ্ছে।
বাংলাদেশের ভারোত্তোলকেরা এখন নিয়মিত খেলছেন চার-পাঁচটি আন্তর্জাতিক প্রতিযোগিতায়। দুই-তিন মাস পরপরই খেলতে যাচ্ছেন বিদেশে। এশিয়ান-কমনওয়েলথ-ইসলামিক-দক্ষিণ এশিয়ান গেমস তো আছেই, এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ চ্যাম্পিয়শিপের পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নশিপেও পা পড়ছে ভারোত্তোলকদের।
এসব প্রতিযোগিতায় খেলতে খেলতে অভিজ্ঞতায় টইটম্বুর বিদ্যুৎ কুমার রায়। টানা ২৫টি জাতীয় প্রতিযোগিতায় সোনা জিতে তিনি এখন গিনেস রেকর্ড বইয়ে নাম তুলতে ব্যাকুল। ৭টি এসএ গেমস খেলে তিনটি ব্রোঞ্জ এবং একটি রুপা জিতেছেন। সাফ চ্যাম্পিয়নশিপ ও কমনওয়েলথ মাস্টার্সে রুপা। আরেক সেনানী হামিদুল ইসলামের ঝুলিতে জ্বলজ্বল করছে ২০১০ ঢাকা এসএ গেমসে সোনা।
ছেলেদের চেয়ে মেয়েদের আন্তর্জাতিক সাফল্য আরও বেশি। সেই সাফল্যের অন্যতম সারথি মোল্লা সাবিরা সুলতানা। তাঁর অর্জন-এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ, এশিয়ান ক্লাব ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপা, কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গ্রাঁ প্রিঁতে ব্রোঞ্জ, সাফ চ্যাম্পিয়নশিপে সোনা। সাফ চ্যাম্পিয়নশিপে সোনা আছে শাহরিয়া সুলতানারও।
ওই পদক পাওয়াদের যোগ্য উত্তরসূরি ফাহিমা আক্তার গোটা পাঁচেক আন্তর্জাতিক পদক জিতেছেন এরই মধ্যে। পদক এনেছেন জহুরা আক্তার। নবীন মাবিয়া আক্তারও খুলেছেন আন্তর্জাতিক পদকের খাতা।
সেসবের পুরস্কার মিলছে ঘরের মঞ্চেও। দুবার গ্রামীণফোন-প্রথম আলো বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন মোল্লা সাবিরা। ফাহিমা ও বিদ্যুৎ একবার করে। গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার পাওয়ার দিক থেকে ক্রিকেটের পরই কিনা ভারোত্তোলন!
এই সাফল্যের বড় অনুঘটক নিরন্তর অনুশীলন। বিশেষ করে মেয়েরা বছরজুড়েই অনুশীলন করেন। প্রতিযোগিতা এলে ফেডারেশনের তত্ত্বাবধানে অনুশীলন চলে, এর বাইরে খেলোয়াড়েরা আনসার-সেনাবাহিনীসহ নিজ নিজ সংস্থার হয়ে অনুশীলনে থাকেন। ঢাকায় এনএসসির জিমনেশিয়ামে নিয়মিত ১০-১৫ জন মেয়েকে অনুশীলনে পাওয়া যাবেই। যেখানে কেরানীগঞ্জ থেকে আসা মুখ অন্তত চার-পাঁচজন। এ ছাড়া কুষ্টিয়ায়ও নিয়মিত ভারোত্তোলন চর্চা হচ্ছে।
বাংলাদেশের ভারোত্তোলনের পৃথিবীতে তাই রঙের ছোঁয়া লেগেছে। ভারোত্তোলকেরা বিদেশে যান, পদক জয়ের আনন্দ নিয়ে ফেরেন। টানা অনুশীলন ভার তোলার সামর্থ্য বাড়াচ্ছে। ভারোত্তোলন কোচ ও মোল্লা সাবিরার স্বামী কাজল দত্তের চোখে,‘আমাদের খেলোয়াড়েরা শক্ত-সামর্থ্য আছে। প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে। তাই তারা ভালো করছে। দরকার শুধু দীর্ঘমেয়াদে ও কার্যকর অনুশীলন। ভারোত্তোলনে যত অনুশীলন তত বেশি ওজন তোলা সম্ভব।’
কিন্তু ফেডারেশনের সামর্থ্য সীমিত। সরকারি সহায়তা নামমাত্র। ফেডারেশন আগে ভারোত্তোলকদের পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি মাসে আর্থিক প্রণোদনা দিলেও সেটা এখন বন্ধ। তবে বছরে চার-পাঁচটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলার সুযোগ করে দিচ্ছে ফেডারেশন। সঙ্গে ঘরোয়া দুটি প্রতিযোগিতা। বাংলাদেশের মাঝারি সারির খেলাগুলোর মধ্যে খেলোয়াড়দের খেলার এত সুযোগ আর কোনো খেলায় নেই।
৩৮ বছর ধরে ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে থাকা মহিউদ্দিন আহমেদ রাখছেন নেপথ্য ভূমিকা। কমনওয়েলথ, এশিয়ান ও বিশ্ব ভারোত্তোলন ফেডারেশনের সদস্য হওয়ায় বিদেশে খেলার আমন্ত্রণ এবং কিছু সরঞ্জাম আনতে পারছেন তিনি। শুধু তাই নয়, এ মাসে এশিয়ান গেমসের আগে দক্ষিণ কোরিয়ায় ১২ জন ভারোত্তোলক বিনা খরচে অনুশীলনে পাঠানোর ‘বিরল’ ব্যবস্থাও করেছেন। ‘আমি ফুলটাইম খেলাটার পেছনে লেগে থাকি’-বললেন তিনি।
খেলোয়াড়েরাও আত্মনিবেদিত। সেটিকে এগিয়ে নিচ্ছে ভারোত্তোলনের সামগ্রিক ব্যবস্থাপনা। আনসারের হয়ে খেলা বিদ্যুৎ যেমন বলছেন, বাংলাদেশে শুধু ভারোত্তোলনেই সারা বছর অনুশীলন হয়, এ কারণেই খেলার মান বেড়েছে। মেয়েদের বিভাগে তো অনেক অগ্রগতি। বাইরে থেকে তাই পদকও আসছে।
সেই পদক নিয়ে অনেকের মনেই কৌতূহল। কারণ, বড় প্রতিযোগিতায় বাংলাদেশের ভারোত্তালকেরা অনেক কম ভার তোলেন। তাঁরাই আবার অন্য প্রতিযোগিতায় সফল। এটা কী ওই সব প্রতিযোগিতায় মান কম বা কম খেলোয়াড় কম থাকার সুবিধা?
মোল্লা সাবিরার উত্তর, ‘মোটেও না। আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অনেক কষ্ট করি। একটা স্ট্যান্ডার্ডে ভার তুলি। সম্প্রতি কমনওয়েলথ গেমসে স্ন্যাচে আমি চতুর্থ হয়েছি (সব মিলিয়ে ষষ্ঠ)। এমন নয় যে তিনজনে তৃতীয় হয়ে গেলাম। আসলে সব প্রতিযোগিতায় অন্তত ১০-১২ জন প্রতিদ্বন্দ্বিতা করে। তাদের মধ্যে পদক জেতা কম কথা নয়। অনেক দেশের খেলোয়াড়েরাই
তো তা পারছে না। আমরা পারছি বলেই পদক আসছে।’
সেই পদকসংখ্যা গত ১০ বছরে সব প্রতিযোগিতা মিলে প্রায় ৫০ ছুঁয়েছে। আন্তর্জাতিক সাফল্যের জন্য বুভুক্ষু বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য অঙ্কটা বলার মতোই বটে।