পদক গেছে জরিমানায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়েতে চতুর্থ এশিয়ান এয়ারগান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে মাত্র দশমিক ২ পয়েন্টের ব্যবধানে পদক হাতছাড়া হয়েছে বাংলাদেশের। ২১ অক্টোবর ১০ মিটার এয়ার রাইফেলে (জুনিয়র) অংশ নেন তৃপ্তি দত্ত ও সাদিয়া সুলতানা। গত পরশু বাংলাদেশ দল দেশে ফেরার পর জানা গেল, রেঞ্জে দেরি করে যাওয়ায় এই দুজনের ২ পয়েন্ট জরিমানা করা হয়। তা না হলে সোনাই জিতত বাংলাদেশ।২ পয়েন্ট কাটার পরও ৪৯৬ স্কোর করে চতুর্থ হন তৃপ্তি, ৪৯৫.৫ পেয়ে পঞ্চম সাদিয়া। ৪৯৭.৪ পেয়ে এই ইভেন্টে সোনা জেতেন থাইল্যান্ডের দনিয়াপান। রুপা জেতা আয়ারল্যান্ডের আমিনজাদেহ সাদাতের স্কোর ছিল ৪৯৬.৩, ব্রোঞ্জজয়ী ভারতের অয়নিকা পালের ৪৯৬.২। দলের সঙ্গে ম্যানেজার হিসেবে গিয়েছিলেন ইমরান চৌধুরী। তিনি দাবি করেছেন, প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডের সূচি ঠিকমতো জানতেন না, ‘ফাইনাল শ্যুটঅফের সময়টা আসলে জানা ছিল না আমাদের। আমার নিজেরও ভুল ছিল কিছুটা।’ কী করে এটা ঘটল, সেটিও বিস্তারিত জানিয়েছেন, ‘শ্যুটঅফের আগে আমরা কিছুটা সময় পেয়েছিলাম। তখন শ্যুটারদের বলেছিলাম, তোমরা রাইফেল জমা দিও না। কারণ, এটা জমা দেওয়ার পর আবারও বের করতে অনেক সময় ক্ষেপণ হয়। তখন স্থানীয় সময় পৌনে দুইটা। শ্যুটারদের লাঞ্চে নিয়ে যাওয়া হয় রেঞ্জ থেকে এক হাজার গজ দূরের রেস্তোরাঁয়। ফেরার পথে শ্যুটারদের একজন বলল, চারটার সময় ফাইনাল। আমি জিজ্ঞাসা করলাম, কে বলেছে? তারা বলল, সেক্রেটারি (ইশতিয়াক আহমেদ) বলেছেন। যদিও তাদের কথা না শুনেই আমরা রেঞ্জে ফিরি। কিন্তু এর পরও পাঁচ মিনিট দেরি হয়ে যায়।’ দেরি করে ঢোকার ব্যাপারটি খেয়াল করেন কোরিয়ান এক জুরি। ইমরানের দাবি, ওই ভদ্রলোক শুরু থেকেই আপত্তি করেন এবং তিনিই গ্রিন কার্ড দেখান। এই প্রতিযোগিতায় জুরি হিসেবে গিয়েছিলেন বাংলাদেশ শ্যুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ। তিনি নাকি শাস্তি প্রত্যাহারের জন্য যথেষ্ট চেষ্টা করেন। কিন্তু টেকনিক্যাল কমিটির কর্মকর্তারা জানান, আইনের মধ্যে পড়ে যাওয়ায় কিছুই করার নেই। তাই পদকবঞ্চিত হতে হলো বাংলাদেশকে। তবে এ থেকে সবচেয়ে বড় প্রাপ্তি সম্ভবত একটা শিক্ষা, ভবিষ্যতে কোনো প্রতিযোগিতায় গেলে সময়সূচিটা অন্তত জানতে চেষ্টা করবেন। দেখা যাক, আগামী জানুয়ারিতে দোহায় অনুষ্ঠেয় এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপেই শিক্ষাটা কাজে লাগাতে পারেন কিনা তারা!