পদক নয়, শান্তিও তাঁরা চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্চ পাস্টে দক্ষিণ সুদানের জাতীয় সংগীত যখন বাজবে, চোখ হয়তো ঝাপসাই হয়ে উঠবে দেশটির পাঁচ খেলোয়াড়ের।
হতে পারে। তবে এই কান্না যতটা না হবে গর্বের, তার চেয়েও বেশি আক্ষেপের। প্রথমবারের মতো অলিম্পিকে যাচ্ছে দক্ষিণ সুদান, এ তো গর্বের। কিন্তু এই পাঁচজনের আক্ষেপ, তাঁদের ঠাঁই যে দেশের পতাকাতলে নয়, হয়েছে রিও অলিম্পিকের শরণার্থী দলে!
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী এই সময়টায় বিশ্বজুড়ে অভিবাসন সমস্যাটাই হয়তো সবচেয়ে বড়। মধ্যপ্রাচ্যে, আফ্রিকার দেশগুলোর গৃহযুদ্ধ দেশছাড়া করেছে অনেক মানুষকে। অভিবাসীদের মধ্যে ক্রীড়াবিদেরাও আছেন। এঁদের মধ্যে যোগ্যদের বেছে নিয়ে একটি শরণার্থী দলের পতাকাতলে অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছে আইওসি। শরণার্থী দলটিকে বলা হচ্ছে টিম রিফিউজি অলিম্পিক অ্যাথলেটস (আরওএ)। ১০ সদস্যের এই দলেই গত জুনে সুযোগ পেয়েছেন পাঁচ দক্ষিণ সুদানি অ্যাথলেট—জেমস নিয়াং চিয়েংজিয়াক, ইয়েখ পার বিয়েল, পাউলো আমোতুন লোকোরো, অ্যাঞ্জেলিনা নাদাই লোহালিথ ও রোজ নাথিকে লোকোনিয়েন। ৫ আগস্ট থেকে শুরু অলিম্পিকে অংশ নিতে শুক্রবার রিওতে এসেও গেছেন।
অন্যসব অলিম্পিয়ানের মতোই সম্মান পাবেন, অলিম্পিক মার্চে স্বাগতিক ব্রাজিলের আগেই তাঁরা থাকবেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) পতাকা নিয়ে। কিন্তু নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে না পারার আক্ষেপ কি এতে মুছে যাবে? উত্তরটা ‘না’। ১৫০০ মিটার দৌড়বিদ লোহালিথ যেমন বললেন, ‘শুধু এতটুকুই বলি, এখানে শরণার্থী হয়ে আমি আসতে চাইনি। কিন্তু যা হওয়ার তা তো হলোই। এখন আমরা চাই মানুষের জন্য ইতিবাচক কিছু করতে। হয়তো এটাই পৃথিবীর মানুষের সামনে সমস্যাটাকে ভালোভাবে তুলে ধরবে। যাতে বিশ্বে শরণার্থীর সংখ্যা আরও কমে।’
যুদ্ধের প্রভাব এঁদের চেয়ে ভালোভাবে আর কেই-বা টের পেয়েছে? পাঁচজনের পরিবারই দক্ষিণ সুদানে ১৯৮০-এর দশকে শুরু হয়ে ২০০৫ পর্যন্ত চলা গৃহযুদ্ধের সময় থেকে পালিয়ে বেড়াচ্ছে। ২০১১ সালে পার্শ্ববর্তী সুদানের কাছ থেকে স্বাধীনতা পেয়েছে ঠিকই, কিন্তু দক্ষিণ সুদানের জাতিগত দ্বন্দ্ব এখনো থামেনি। এই পাঁচ খেলোয়াড়ের কারওরই তাই এখনো পা রাখা হয়নি স্বাধীন দক্ষিণ সুদানে, অনুশীলন করেছেন কেনিয়ায়। ইয়েখ পার বিয়েল ২০০২ সাল থেকে মা ও বড় ভাইকে নিয়ে উত্তর কেনিয়ার কাকুমা শরণার্থী শিবিরে মাথা গুঁজে আছেন। বাবা কোথায়, জানা নেই। ২১ বছর বয়সীর আশা, অলিম্পিক সাফল্য বাবাকে খুঁজে পেতে সাহায্য করবে।
চিয়েংজিয়াকের স্বপ্নটা ব্যক্তিগত গণ্ডি ছাড়িয়ে আরও বড়, ‘আশা করি, আমাদের নেতারা আমাদের অলিম্পিকে অংশ নেওয়াকে দেশে শান্তি ফেরানোর কাজে লাগাবে। খেলা তো সব সময়ই সন্ধি গড়ে দেয়।’ এএফপি, আইএএনএস।