পদকজয়ী ছেলেকে হারিয়ে মায়ের বিলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেশাল অলিম্পিকস এশিয়া-প্যাসিফিক গেমসে পদক জিতে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরে সে ১০ ডিসেম্বর। সরিষাবাড়ী বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এই ছাত্র রতন মিয়াকে নিয়ে গর্বের সীমা ছিল না এলাকাবাসীর। আগামী ২ জানুয়ারি সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল রতনসহ পদকজয়ী খেলোয়াড়দের। কিন্তু সংবর্ধনা পাওয়া হলো না রতনের। সবাইকে কাঁদিয়ে পরশু রাতে না-ফেরার দেশে চলে গেল ১৫ বছরের কিশোর।
অসুস্থ এই অ্যাথলেটের অকালমৃত্যুর জন্য তার পরিবারকেই দুষছেন স্থানীয়রা। সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী তাড়িয়াপাড়ার রতন শনিবার রাতে হঠাৎই অসুস্থ বোধ করে। গভীর রাতে তার বাঁ কানে ব্যথা শুরু হলে মাকে জানায়। কিন্তু ব্যথায় চিৎকার করতে থাকা ছেলেকে মা পারুল আক্তার ঘুমিয়ে পড়তে বলেন এবং সকালে হাসপাতালে নিয়ে যাওয়ার আশ্বাস দেন। পরদিন সকাল ৯টায় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রতনকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রতনের অকালমৃত্যুতে পাগলপ্রায় মা এখন শুধুই প্রলাপ বকছেন, ‘আমার অবহেলায় রতন মারা গেছে!’
সরিষাবাড়ী বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান জানান, বুদ্ধিপ্রতিবন্ধী রতন মিয়া অস্ট্রেলিয়া থেকে একটি করে সোনা, রুপা ও ব্রোঞ্জ পদক জিতেছিল। তার মৃত্যুতে বিদ্যালয়ের সবাই শোকে কাতর, গভীর শোক জানিয়েছে সুইড বাংলাদেশ।