পদকজয়ীরা আনসার ছাড়ছেন
আগে আনসার পরে খেলোয়াড়—এই নির্দেশ মেনে নিতে না পেরে সবার আগে আনসার থেকে পদত্যাগ করেছেন শ্যুটার শারমিন আক্তার রত্না। এবার তাঁরই দেখানো পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন ভারোত্তোলক ফাহিমা আক্তার (ময়না), কারাতেকা জ উ প্রুসহ অনেক সেরা খেলোয়াড়।জাতীয় ক্রীড়া পরিষদের পুরোনো ভবনের সামনে বিষণ্ন মনে দাঁড়িয়ে ছিলেন ফাহিমা আক্তার। ছয় বছরের মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বাংলাদেশ আনসারের ভারোত্তোলক। মতিঝিল আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণীতে পড়ছে রুবাইয়া। এত দিন ফাহিমা নিজেই মেয়েকে স্কুলে আনা-নেওয়া করতেন। অনুশীলনের ফাঁকে মেয়ের পড়াশোনাও দেখিয়ে দিতেন। কিন্তু জুলাইয়ের প্রথম সপ্তাহেই তাঁকে যেতে হয়েছে সফিপুরে আনসারের প্রশিক্ষণ কেন্দ্রে। ফাহিমার স্বামী আমিনুল ইসলাম ব্যস্ত থাকেন ব্যবসা নিয়ে। মেয়ে সামলানো দূরে থাক, সংসার সামলাতেই হিমশিম খেতে হচ্ছে ভদ্রলোককে। নিতান্ত বাধ্য হয়েই শাশুড়িকে এনে রেখেছেন ঢাকায়।ফাহিমার মতোই বিপাকে পড়েছেন জ উ প্রু। গত এসএ গেমসে সোনাজয়ী কারাতেকার দুই বছর বয়সী মেয়ে সুইং তাজাংকে লামায় স্বামীর কাছে রেখে এক সপ্তাহ ছিলেন সফিপুরে। কিন্তু মেয়ের কান্নাকাটিতে শেষ পর্যন্ত ছুটি নিয়ে ফিরে গেছেন বান্দরবানে। অবস্থা এমন দাঁড়িয়েছে, আনসারের চাকরি চালিয়ে যাওয়ার কোনো উপায় দেখছেন না ফাহিমা ও জ উ প্রুরা। আনসারে পদত্যাগপত্র জমা দেওয়ার অপেক্ষায় জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় মাহবুব বিল্লাহ, মোস্তফা বিল্লাহ, সোনম সুলতানা (সোমা), মৌমিতা আলম (রুমি), জয়িতা দত্তরা। কারাতে দলের ২৫ জন খেলোয়াড় ও দুজন কোচও পদত্যাগের কথা ভাবছেন বলে জানা গেছে। আপাতত সবাই ছুটির আবেদন করে রেখেছেন আনসার সদর দপ্তরের পরিচালকের কাছে (ক্রীড়া ও সংস্কৃতি)। এ ঘটনার পর বেতন তুলতে গিয়েও ঝামেলা হচ্ছে খেলোয়াড়দের। এত দিন সবাই বেতন পেতেন খিলগাঁওয়ের সদর দপ্তর থেকে। কিন্তু চলতি মাসে বেতন পাঠিয়ে দেওয়া হয়েছে নিজ নিজ ইউনিটে। অনেকে তাই বেতন তুলতে পারছেন না ঢাকার বাইরে গিয়ে।ব্যাডমিন্টন কোচ মোহাম্মদ আলী আক্ষেপ করছিলেন, ‘এভাবে তো আমরা চাকরি করতে পারব না। এখন ছুটিতে আছি। কিন্তু ছুটি শেষ হয়ে গেলে বিকল্প কিছু ভাবতে হবে।’ কারাতেকা জ উ প্রু স্পষ্টই জানিয়ে দিলেন, ‘ছোট মেয়েকে এত দূরে রেখে ওখানে থাকা সম্ভব নয়। আমার স্বামীও আমাকে চাকরি করতে দিতে চাইছেন না। সফিপুরে গিয়ে দেখি কারাতের প্র্যাকটিসের কোনো সুযোগ-সুবিধা নেই। আমাদের শুধু আনসারের নিয়ম-কানুন শেখানো হয়েছে এত দিন।’ এ অবস্থায় আনসারের পদকজয়ী খেলোয়াড়েরা অন্য কোনো সংস্থায় যোগ দেওয়ার চেষ্টা করছেন। এতে ক্ষতিটা হবে আনসারেরই। বিষয়টা স্বীকার করে নিলেন আনসারের মহাপরিচালক মেজর জেনারেল নাজিম উদ্দিনও, ‘মেয়েদের খেলাধুলায় হয়তো আমরা একচেটিয়া আধিপত্য হারাতে যাচ্ছি। কিন্তু আমাদের কিছু করার নেই। আনসারের চেয়ে বেশি সুযোগ-সুবিধা সেনাবাহিনীতে পেলে হয়তো ওরা সেখানেই চলে যাবে।’ এরই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের আধিপত্য বাড়াতে মহিলা খেলোয়াড় নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সেনাবাহিনীতে চাকরি পেতে যোগাযোগও শুরু করে দিয়েছেন অনেক খেলোয়াড়। কেউ কেউ ভাবছেন খেলাই ছেড়ে দেবেন। সবকিছু দেখে হতাশ আনসারের সাবেক কর্মকর্তা এস এম আলম, ‘ইউনিটে খেলোয়াড় পাঠানোর এই সিদ্ধান্তে ক্রীড়া ঐতিহ্য হারাতে বসেছে আনসার। আনসারের খেলাধুলা ধ্বংস করার একটা চক্রান্ত এটা।’ ইউনিটে যোগ দেওয়ার পর খেলাধুলায় অংশ নেওয়ার ব্যাপারেও যেন অনাগ্রহ আনসারের। গত সপ্তাহে জাতীয় পুরুষ হ্যান্ডবলে আমন্ত্রণ পেয়েও অংশ নেয়নি সংস্থাটি। হ্যান্ডবল টুর্নামেন্ট কমিটির সচিব নূর ইসলাম আক্ষেপ করে বললেন, ‘এভাবে আনসার খেলাধুলা থেকে মুখ ফিরিয়ে নিলে আমরা খেলোয়াড় পাব কোথায়? এমন হলে ক্ষতিটা হবে ক্রীড়াঙ্গনেরই।’