পদকের আশায় শুরু বিওএর ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘমেয়াদি অনুশীলনের জন্য চাতক প্রতীক্ষায় থাকেন অ্যাথলেটরা। মাত্র চারটি ফেডারেশনের খেলোয়াড়দের নিয়ে হলেও অবশেষে আজ শুরু হচ্ছে সেই আবাসিক অনুশীলন ক্যাম্প। এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমস সামনে রেখে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ঢাকা ক্যান্টনমেন্টে শুরু করছে এই নিবিড় অনুশীলন। এতে সুযোগ পেয়েছেন শ্যুটিং, আর্চারি, তায়কোয়ান্দো ও বক্সিং ফেডারেশনের ২৬ খেলোয়াড়। আজ তাঁদের রিপোর্টিং, কাল শুরু হবে মূল অনুশীলন। ক্যাম্প চলবে অক্টোবর পর্যন্ত। আগামী ২৩ জুলাই-৩ আগস্ট গ্লাসগোতে হবে কমনওয়েলথ গেমস। আর ইনচনে এশিয়ান গেমস হবে ১৯ সেপ্টেম্বর-৪ অক্টোবর।
ঢাকা আর্মি স্টেডিয়ামের পাশেই আবাসনের ব্যবস্থা করা হয়েছে খেলোয়াড়দের। চার ফেডারেশনের খেলোয়াড়েরা অনুশীলন করবেন বিদেশি কোচের অধীনে। তায়কোয়ান্দোর কোরিয়ান কোচ লি জু সাং ঢাকাতেই থাকেন। এরই মধ্যে বক্সিং ফেডারেশন যোগাযোগ করেছে ইউক্রেনের কোচ হুরেনকো আলেক্সান্দারের সঙ্গে। আজ সকালের বিমানে ঢাকায় আসার কথা এই ইউক্রেনিয়ানের। শ্যুটিং ও আর্চারির কোচ এখনো চূড়ান্ত হয়নি।
বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা দীর্ঘমেয়াদি এই ক্যাম্প নিয়ে খুব আশাবাদী, ‘আমরা নিজস্ব অর্থায়নে ক্যাম্পটা শুরু করেছি। বিদেশি কোচের অধীনে আশা করি খেলোয়াড়েরা ভালো অনুশীলন করবে। এই দুটি গেমস থেকে তাই পদকের আশা করছি।’