পদকের লড়াইয়ে সাইক সিজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনচনে সাইক সিজার l এএফপি
ইনচনে সাইক সিজার l এএফপি

অলিম্পিক ও কমনওয়েলথ গেমসে ভালো করেননি। তাই এশিয়ান গেমসে জিমন্যাস্টিকস ইভেন্টটাই বাদ দিয়েছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। শেষ পর্যন্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর বিশেষ বিবেচনায় এবারের এশিয়ান গেমসে সুযোগ পেয়েছেন সাইক সিজার। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে বলে দেওয়া হয়েছে, এটিই শেষ। এশিয়াডে খারাপ করলে যুক্তরাষ্ট্রপ্রবাসী এই জিমন্যাস্টকে আর সুযোগ দেওয়া হবে না।

এশিয়াড তাই সিজারের জন্য নিজেকে প্রমাণের শেষ সুযোগই। সেই পরীক্ষার প্রথম প্রহরে অন্তত উত্তীর্ণ হয়েছেন কাল ২৪ বছর বয়সী এই জিমন্যাস্ট। হরিজন্টাল বারে ৫৬ জনের মধ্যে অষ্টম হয়ে উঠেছেন চূড়ান্ত পর্বে। প্যারালাল বারে ৬২ জনের মধ্যে সপ্তম হয়েছেন, এখান থেকেও তুলে নিয়েছেন চূড়ান্ত পর্বের টিকিট। যার অর্থ ২৫ সেপ্টেম্বর এই দুটি বিভাগে পদকের জন্য লড়ার সুযোগ পাচ্ছেন। তবে ফ্লোর এক্সারসাইজে ৬৯ জনে ৩৪তম হয়ে বাদ পড়েছেন বাছাইপর্বেই।

গত কমনওয়েলথ গেমসে চূড়ান্ত পর্বে যেতে না পারায় ‘সিজারকে দিয়ে কিছু হবে না’ বলে রায় দিয়ে ফেলেন অনেকে। সে সময় সিজার বলেছিলেন, চোটের কারণেই নিজের সেরাটা দিতে পারেননি। নিজেকে তৈরি করে এশিয়াডে ভালো কিছু করার প্রতিজ্ঞার কথাও জানান। এশিয়ার শীর্ষ এই গেমসে পদক জয় অবশ্যই অনেক কঠিন। অতটা আশা করাও বাড়াবাড়ি। তবে চূড়ান্ত পর্বে নাম লিখিয়ে সিজার এটা অন্তত বোঝালেন, আস্থা রাখার উপাদান তাঁর খেলায় আছে।

যুক্তরাষ্ট্রের মিশিগানে থাকেন সিজার। পড়েন মিশিগান রাজ্য বিশ্ববিদ্যালয়ে। মিশিগান বিশ্ববিদ্যালয়ের জিমন্যাস্ট দলের সহ-অধিনায়ক ছিলেন ২০১১ সালে। ওই রাজ্যে তাঁর র‍্যাঙ্কিং ৩। বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা সিজারের র‍্যাঙ্কিং স্মরণ করিয়ে দিয়ে এশিয়াডে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘সে খুবই ভালো জিমন্যাস্ট। কোনো কারণে কমনওয়েলথে ভালো করতে পারেনি। তবে আমাদের উচিত তাকে প্রমাণ করার শেষ সুযোগ দেওয়া।’

‘শেষ সুযোগ’কে নিজেকে প্রমাণের মঞ্চ হিসেবেই হয়তো নিয়েছেন সিজার!