আগে থেকেই একটা আভাস পাওয়া যাচ্ছিল। এবার সত্যি সত্যি পদত্যাগ করে বসলেন অ্যাথলেটিকস ফেডারেশনের ১৩ জন কর্মকর্তা। ফেডারেশনের সভাপতি বরাবর লেখা এক পদত্যাগপত্রে তাঁরা নানা অভিযোগ তুলেছেন ফেডারেশন সাধারণ সম্পাদক শাহ আলমের বিরুদ্ধে। তাঁদের মূল অভিযোগগুলো এমন, বর্তমান সাধারণ সম্পাদক এককভাবে নিয়ন্ত্রণ করে রেখেছেন ফেডারেশন। তাঁর স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অগঠনতান্ত্রিক কার্যকলাপে ফেডারেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এই পদত্যাগের তালিকায় রয়েছেন সহসভাপতি আলী ইমাম তপন ও মোকছেদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর মোরশেদ, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সদস্য ফারহাদ জেসমিন, শর্মিষ্ঠা রায়, মাহবুব আলম, নিবাস হালদার, ফরিদ খান চৌধুরী, আবুল কালাম, মাহবুবা ইসলাম, লুৎফর রহমান ও ওহাব খান। সাধারণ সম্পাদক শাহ আলম অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ আবারও অস্বীকার করেছেন। তিনি জানান, ‘আমার বিরুদ্ধে এটা একটা মহলের ষড়যন্ত্র। এই কমিটি ভেঙে একটা গ্রুপ অ্যাডহক কমিটি করার জন্য সক্রিয় হয়ে রয়েছে। তারাই এসব কাজ করেছে। আমি কোনো আর্থিক অনিয়ম করিনি।’ এসব বিষয় নিয়ে ২২ আগস্ট একটি গুরুত্বপূর্ণ সভা বসতে পারে বলে জানালেন তিনি।