পদত্যাগ করতে পারেন শ্রীনিবাসন
স্পট ফিক্সিং কেলেঙ্কারি ফাঁস হয়ে যাওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ দুটি পদ থেকে সরে দাঁড়িয়েছেন সেক্রেটারি সঞ্জয় জাগডালে ও কোষাধ্যক্ষ অজয় শিরকে। এবার তাঁদের পিছু পিছু হয়তো পদত্যাগের ঘোষণা দিতে পারেন সভাপতি শ্রীনিবাসনও। আগামীকাল বিসিসিআইয়ের কার্যনির্বাহী কমিটির সভা শেষেই হয়তো এ ঘোষণা দেবেন তিনি। আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারির খবর প্রকাশিত হয়ে যাওয়ার পর থেকেই শ্রীনিবাসনের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছিল ভারতের ক্রিকেট অঙ্গন। তাঁর জামাতা গুরুনাথ মায়াপ্পন স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর সেই দাবিটা আরও জোরদার হয়েছে। তবে এত কিছুর পরেও সভাপতির পদটা ধরে রাখার ব্যাপারে অনড় ছিলেন শ্রীনিবাসন। তবে ক্রিকেট বোর্ডের মধ্যেও তাঁকে নিয়ে অনেক অসন্তোষ তৈরি হয়েছে বলে ধারণা করছে ভারতীয় গণমাধ্যম। সেক্রেটারি সঞ্জয় জাগডালে ও কোষাধ্যক্ষ অজয় শিরকেও পদত্যাগের ঘোষণা দিয়েছেন শ্রীনিবাসনের অনড় অবস্থানের কারণে। কিন্তু এত কিছু করেও হয়তো ক্ষমতাশালী ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে থাকতে পারবেন না শিল্পপতি শ্রীনিবাসন। আগামীকাল চেন্নাইয়ে বিসিসিআইয়ের কার্যনির্বাহী কমিটির সভা শেষেই একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে সাংবাদিকদের ইঙ্গিত দিয়েছেন সহ-সভাপতি অরুণ জেটলি ও যুগ্ম সম্পাদক অনুরাগ ঠাকুর। একই ধরনের আভাস পাওয়া গেছে আইপিএলের পরিচালক রাজিব শুক্লার কথায়। তিনি বলেছেন, ‘গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত হয়তো এই সভা থেকেই আসতে পারে। আর একটি দিন অপেক্ষা করুন।’— পিটিআই