হকির চলমান সংকট দূর করতে পদত্যাগ করতে যাচ্ছেন ফেডারেশন সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ। ২৩ অক্টোবর বিমানবাহিনীর ফ্যালকন হলে কার্যনির্বাহী কমিটির জরুরি সভা ডেকেছেন ফেডারেশন সভাপতি বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এশরার। ওই সভাতেই পদত্যাগপত্র জমা দিতে পারেন খাজা রহমতউল্লাহ। কাল এমন আভাসই দিয়েছেন ফেডারেশনের কয়েকজন কর্মকর্তা।
হকি সংকটের সমাধানের জন্য সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও আবাহনীর পরিচালক নাজমুল হাসানকে নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় কাল নাজমুল হাসানের বেক্সিমকো কার্যালয়ে জরুরি সভায় বসেন আবাহনীর ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ ও সাংসদ কাজী নাবিল আহমেদ, হকি ফেডারেশনের সহসভাপতি আবদুস সাদেক, আবাহনী হকি কমিটির চেয়ারম্যান ও ক্লাব পরিচালক আফজালুর রহমান সিনহা এবং সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ।
সভা শেষে আবদুস সাদেক জানালেন, ‘হকির এই সমস্যা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। এমনকি চিন্তিত মাননীয় প্রধানমন্ত্রীও। তিনিই পাপন (নাজমুল) সাহেবকে এর একটা সুরাহা করতে বলেছেন। খেলোয়াড়েরা জাতীয় দলের ক্যাম্পে যাচ্ছেন না। এই সংকট কীভাবে সমাধান করা যায়, এ নিয়েই মূলত সেখানে আলাপ হয়েছে। আশা করি তিন-চার দিনের মধ্যে একটা ইতিবাচক ফল পেয়ে যাব আমরা।’
জানা গেছে, সাধারণ সম্পাদক পদত্যাগ করলে আবদুস সাদেক বা মামুনুর রশিদকে (হকি কমিটির সদস্য) এই পদে পুনর্নির্বাচিত করে আনতে পারে ফেডারেশন। কিন্তু সে ক্ষেত্রে গঠনতন্ত্র অনুসারেই শূন্য পদে নতুন নির্বাচন হতে হবে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসতে হবে এঁদের। হকি অঙ্গনে এখন গুঞ্জন, অচিরেই বর্তমান নির্বাচিত কমিটি ভেঙে গঠন করা হতে পারে অ্যাডহক কমিটি।
যদিও এ মুহূর্তে সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার মোটেও ইচ্ছা নেই আবদুস সাদেকের, ‘আমার শরীরের যা অবস্থা, তাতে এটা সম্ভব নয়। ২৮ বছর আগে যে দায়িত্ব ছেড়ে দিয়েছি, সেটি আর নিতে চাই না। তবে সত্যি যে হকির বৃহত্তর স্বার্থে রহমতউল্লাহ পদত্যাগ করতেও পারে। সে ক্ষেত্রে মিটিংয়েই এ বিষয়ে সিদ্ধান্ত নেব কী করা যায়।’
কাল খাজা রহমতউল্লাহ আবাহনী কর্মকর্তাদের সঙ্গে সভায় বসার আগে হকির সমস্যা দূর করতে সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের সঙ্গে আরেকটি জরুরি সভায় বসেন ফেডারেশন সভাপতি আবু এশরার। আজ রহমতউল্লাহর সঙ্গেও আরেক দফা সভায় বসার কথা তাঁর।