পদত্যাগ করবেন না ইয়াওয়ার সাঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠায় ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজ শেষে পদত্যাগ করতে যাচ্ছেন পাকিস্তান দলের ম্যানেজার—গণ্যমাধ্যমে এমন সংবাদ পরিবেশিত হলেও গতকাল মঙ্গলবার ইয়াওয়ার সাঈদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পদত্যাগ করবেন না তিনি।পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচের আগে যুক্তরাজ্যের ডেইলি টেলিগ্রাফকে ইয়াওয়ার সাঈদ বলেন, ‘আমি পদত্যাগ করিনি, পদত্যাগ করছি না।’ মিডিয়ায় পদত্যাগসংক্রান্ত গুঞ্জনে বিরক্ত পাকিস্তান দলের ম্যানেজার বলেন, ‘আমি খুব বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি নই। জানি না, কেন আমাকে নিয়ে অনেকের এত আগ্রহ।’নিজের দায়িত্ব থেকে পদত্যাগ করার কোনো প্রয়োজন নেই, দাবি করে ক্ষোভের সুরে ইয়াওয়ার সাঈদ বলেন, ‘আমি নিয়োগকৃত ম্যানেজার নই। আমাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিয়োগ করেনি। যদি আমি নিয়োগকৃত না হই, তাহলে কোথা থেকে পদত্যাগ করব? হালকা বাতাসে? আমার পদত্যাগ করার প্রয়োজন নেই।’ নিজের এ দাবির ব্যাখ্যাও দিয়েছেন ইয়াওয়ার, ‘নিয়মানুসারে প্রত্যেক সফরের পর পরবর্তী ম্যানেজার কে হবেন, তা নির্ধারণ করেন বোর্ডের চেয়ারম্যান। তাই বিষয়টি তাঁর ব্যাপার।’ বিপুল অঙ্কের টাকা নিয়ে তৃতীয় ওয়ানডেতে ইচ্ছা করেই হেরেছে ইংল্যান্ড—পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাটের এ অভিযোগের পর দুই দলের সম্পর্কের চরম অবনতি হয়েছে। এ প্রসঙ্গে ইয়াওয়ার সাঈদ বলেন, ‘চেয়ারম্যানের বক্তব্যের জন্য আমি দায়ী নই। আমি শুধু আমার ক্রিকেটারদের প্রস্তুতি নিয়েই ভাবছি।’