পদত্যাগ করবেন না তিনি
আন্দ্রেস ভিলাস-বোয়াসের এখন উপলব্ধি, চেলসির কোচের চাকরিটাই বিশ্বের সবচেয়ে কঠিন চাকরিগুলোর একটি। কিন্তু এটা বুঝলেও চাপের মুখে ছেড়ে যাওয়ার ইচ্ছা তাঁর নেই। বরং স্পষ্টই জানিয়ে দিলেন, পদত্যাগ তিনি করবেন না।গতকালই ওয়েস্টব্রমের বিপক্ষে লিগ ম্যাচ ছিল চেলসির। যে ম্যাচে চেলসি ১-০ গোলে হেরে যাওয়ায় ভিলাস-বোয়াসের চাকরি হারানোর শঙ্কা আরও তীব্র হয়েছে। তবে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ, ক্লাব, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ও হোসে মরিনহো প্রসঙ্গ—অনেক বিষয় নিয়েই কথা বলেছেন ভিলাস-বোয়াস। তরুণ পর্তুগিজ কোচ চেলসিকে যেভাবে এগিয়ে নিচ্ছেন, ক্লাবের রুশ মালিক রোমান আব্রামোভিচের সাফল্যপিয়াসী নীতির সঙ্গে তা যায় না।আব্রামোভিচ সাফল্য ছাড়া কিছু বোঝেন না, বুঝতে চানও না। পান থেকে চুন খসলেই কোচ বদলান। ২০০৩ সালে চেলসির মালিকানা কেনার পর এরই মধ্যে ছয়বার কোচ বদলেছেন রুশ ধনকুবের। ভিলাস-বোয়াস আব্রামোভিচ যুগে চেলসির সপ্তম কোচ!মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের সঙ্গে মতবিরোধ চলছে কোচের। কথা উঠেছে এ জন্যই নিয়মিত প্রথম একাদশে খেলার সুযোগ পাচ্ছেন না ইংল্যান্ড মিডফিল্ডার। ল্যাম্পার্ড নিজেই জানিয়েছেন, ‘কোচের সঙ্গে সম্পর্কটা আদর্শ নয়।’ ভিলাস-বোয়াসের কথা, ‘ফ্রাঙ্ক তার ব্যক্তিগত মতটাই ব্যাখ্যা করেছে। তার মনে হচ্ছে একটা কিছুর অভাব আছে। কিন্তু আমি তো কোনো অভাব নেই।’সম্প্রতি মরিনহোর লন্ডনে বাড়ি কেনার খবরের সঙ্গে মিলিয়ে গুঞ্জন ওঠে আগামী মৌসুমেই হয়তো চেলসিতে নাটকীয় প্রত্যাবর্তন হতে যাচ্ছে মরিনহোর। কিন্তু ভিলাস-বোয়াস এতে উদ্বিগ্ন নন, ‘একমাত্র বার্সেলোনাই হোসের ছায়া থেকে মুক্ত। তা ছাড়া তো বিশ্বের সর্বত্রই হোসের ছায়া রয়েছে। আপনি যদি বিশ্বসেরা ম্যানেজার চান, প্রত্যেকেই তাঁকে চাইবে।’ রয়টার্স, এএফপি।