পদত্যাগ করবেন না পল লি গুয়েন
আফ্রিকার মাটিতে বিশ্বকাপ হওয়ায় অনেকেরই বেশি প্রত্যাশা ছিল আফ্রিকার দলগুলোকে নিয়ে। দলগুলোর মধ্যে সর্বোচ্চ ছয়বার বিশ্বকাপ খেলা দল ক্যামেরুনকে নিয়ে আশাটা একটু বেশিই ছিল। ‘অদম্য সিংহ’ ক্যামেরুনকে নিয়ে প্রত্যাশায় অনেকেই নস্টালজিক হয়ে ফিরে যাচ্ছিলেন নব্বইয়ের ইতালি বিশ্বকাপে—যেবার আর্জেন্টিনা, কলম্বিয়া, রুমানিয়ার মতো দলগুলোকে বধ করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিল তারা। এবার আফ্রিকার মাঠে ক্যামেরুনের কাছ থেকে এমন কিছুই দেখতে চাইছিলেন আশাবাদীরা। কিন্তু তাদের আশা-আকাঙ্ক্ষার ওপর জল ঢেলে এই ক্যামেরুনই এবার বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে।ক্যামেরুনের বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া সবার কাছেই অপ্রত্যাশিত। গ্রুপটাও নেহায়েত মন্দ ছিল না দলটির জন্য। কিন্তু প্রথম দুই ম্যাচেই জাপান ও ডেনমার্কের সঙ্গে পরাজয় প্রত্যাশার বদলে সবার জন্য এনেছে হতাশা।জাতীয় দলকে নিয়ে ক্যামেরুনজুড়েই এখন চলছে মাতম। দেশটির গণমাধ্যম এরই মধ্যে ব্যর্থতার জন্য কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে কোচ পল লি গুয়েনকে। এত কিছুর পরও পল লি গুয়েন কিন্তু নির্বিকারই রয়েছেন। তিনি মনে করেন, দলকে ঠিকমতোই পরিচালনা করেছেন তিনি। তাই মাঠে ব্যর্থতার সব দায়ভার তাঁর ওপর চাপানোটা অন্যায়ই হবে।ক্যামেরুনের বিদায় মোটামুটি নিশ্চিত হয়ে যাওয়ায় সকলে দাবি তুলেছেন পল লি গুয়েনের পদত্যাগ। তবে লি গুয়েন নিজেই সাফ জানিয়ে দিয়েছেন, ক্যামেরুন দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছাই তাঁর নেই। তিনি বলেছেন, ‘আমি পদত্যাগ করব না, আমি দলকে যেভাবে পরিচালনা করেছি, তা নিয়ে আমার মধ্যে কোনো অনুশোচনা নেই।’পল লি গুয়েন মনে করেন, ফলাফল ভালো করতে তাঁর নিজের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। জোর গলায় কথা বললেও ক্যামেরুন দল নিয়ে যখন তিনি দেশে ফিরবেন, তখন কী হবে? এমন এক প্রশ্নের জবাবে পল লি গুয়েন বেশ জোরের সঙ্গেই বলেছেন, ‘আমি কাউকে ভয় পাই না।’প্রথম ম্যাচের পরই ক্যামেরুনের সাবেক ও বর্তমান খেলোয়াড়েরা অনেকেই পল লি গুয়েনের সমালোচনায় মুখর হয়েছিলেন। আলেকজান্ডার সং, রবার্ট সং, জেরেমির মতো অভিজ্ঞ খেলোয়াড়দের না খেলানোর জন্য তিনি হয়েছিলেন সমালোচিত। এমনকি দলের অনেক জ্যেষ্ঠ খেলোয়াড়দের সঙ্গে খোলাখুলিভাবেই বিতর্কে জড়িয়ে পড়েন গুয়েন।দলের সবচেয়ে বড় তারকা স্যামুয়েল ইতো অবশ্য ক্যামেরুনের ব্যর্থতার জন্য পল লি গুয়েনকে এককভাবে দায়ী করেননি। তিনি মনে করেন, দলগত ব্যর্থতার কারণেই ক্যামেরুন বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। তিনি বলেছেন, ‘ডেনমার্কের বিপক্ষে ম্যাচে আমরা অনেক সহজ গোলের সুযোগ নষ্ট করেছি। ভাগ্যও আমাদের সহায় হয়নি।’ক্যামেরুন তাদের শেষ খেলায় মুখোমুখি হবে নেদারল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচে জিতলেও দ্বিতীয় রাউন্ডে ওঠা হবে না ক্যামেরুনের। কিন্তু গুয়েন নিশ্চয়ই সমালোচকদের মুখ কিছুটা বন্ধ করতে চাইবেন।