পদত্যাগ করবেন না রহমতউল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী জোটের দাবি মেনে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ পদত্যাগ করতে পারেন, কদিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। কাল সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগের দাবি নাকচ করে রহমতউল্লাহ উল্টো প্রশ্ন তুলেছেন, ‘কেন পদত্যাগ করব? আমি কি কোনো অপরাধ করেছি?’
কোনো নির্দিষ্ট অভিযোগ অবশ্য তাঁর বিরুদ্ধে তোলেনি বিরোধীরা। বছর দুয়েক আগে অনুষ্ঠিত নির্বাচনে অনিয়ম হয়েছে, সেই দাবিতেই ‘অবৈধ’ কমিটির সাধারণ সম্পাদকের বিদায় চায় মোহামেডানের নেতৃত্বে চার দলের বিরোধী জোট। এবার অবশ্য ১১ দলের লিগে অন্যতম পরাশক্তি উষাও বলছে, সব দল না এলে তারাও খেলবে না।
সংকট থেকে উত্তরণে ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের নেওয়া উদ্যোগও এখন পর্যন্ত নিষ্ফল বলা চলে। মন্ত্রী বলেছিলেন, প্রয়োজনে জাতীয় ক্রীড়া পরিষদ লিগ পরিচালনা করবে, সে ব্যাপারেও কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। এ অবস্থায় হকি ফেডারেশনের সহসভাপতি আবদুর রশিদ ১২ আগস্ট ক্লাব ও ফেডারেশন কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা করেন। ওই সভায় রহমতউল্লাহর পদত্যাগের দাবিতে বিদ্রোহী ক্লাবগুলো আগের অবস্থানেই অনড় ছিল। সব দলকে মাঠে আনতে ফেডারেশনের নির্বাহী কমিটির অনেকে পদত্যাগ করার আভাস দিয়েছিলেন, তাঁরাও অবশ্য এখন নীরব।
রহমতউল্লাহ আবারও আলোচনার কথা বললেন। অবশ্য মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার অভিযোগ, খাজা রহমতউল্লাহ কখনো তাঁদের ডাকেননি। সেই অভিযোগ কাল অস্বীকার করে রহমতউল্লাহ একরকম ঘোষণার সুরেই বললেন, ‘পদত্যাগ নয়। আমি চাই স্থায়ী সমাধান। নইলে বছর বছর এভাবেই চলতে থাকবে।’
খেলা মাঠে আনার ব্যাপারে তাঁর কথা, ‘ফেডারেশনের নতুন সভাপতি সময় দিলে দ্রুত নির্বাহী কমিটির সভা হবে। সেই সভায় যদি সিদ্ধান্ত হয়, খেলতে অনিচ্ছুক দলগুলোকে বাদ দিয়েই লিগ হোক, তাই করব আমরা। এবার কেউ না খেললে বাইলজ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
সংবাদ সম্মেলনে হকি ফেডারেশনের সহসভাপতি আবদুস সাদেক সংকট কাটাতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেছেন। খাজা রহমতউল্লাহর পদত্যাগে তিনি কোনো সমাধান দেখেন না।
বরং বিরোধী জোটের কাছে তাঁর প্রস্তাব, ‘ফেডারেশনের কিছু পদ খালি আছে, সেগুলোতে আপনারা মনোনয়ন দিতে পারেন। প্রয়োজনে আমি পদত্যাগ করব, আমার শূন্য পদেও আপনাদের পছন্দের কেউ আসতে পারে। হকির স্বার্থে তবু আসুন, মাঠে খেলুন, হকি বাঁচান।’