পদত্যাগ করবেন না শ্রীনিবাসন
আইপিএলে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি এন শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মায়াপ্পনকে। এর পর থেকেই শ্রীনিবাসনের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছে ক্রিকেটপাগল ভারতীয়রা। তবে কোনো রকম দাবি বা হুমকির মুখে পদ ছাড়বেন না বলে স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন শ্রীনিবাসন। আজ বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ।দুই দিন আগে শ্রীনিবাসনের জামাতা ও চেন্নাই সুপার কিংসের প্রধান গুরুনাথ মায়াপ্পনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার বিন্দু দারা সিংয়ের স্বীকারোক্তি থেকে উঠে এসেছিল তাঁর নাম। এর পরপরই শ্রীনিবাসনের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে ভারতের ক্রিকেট অঙ্গন। তবে এটাকে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের এই সভাপতি। বোর্ডের অন্য কোনো সদস্যও তাঁর পদত্যাগের দাবি তোলেননি বলে সাংবাদিকদের জানিয়েছেন শ্রীনিবাসন। তিনি বলেছেন, ‘আমার পক্ষে সবার সমর্থন আছে। বিসিসিআইয়ের একজন সদস্যও আমার পদত্যাগের দাবি তোলেননি। আমার এখানে কিছু কাজ আছে আর আমি সেটাই পুরোদমে করে যাব। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে বিসিসিআই নিরপেক্ষভাবে কাজ চালিয়ে যাবে। খেলোয়াড়, ফ্রাঞ্চাইজি বা মালিক, যাঁর বিরুদ্ধেই নিয়মভঙ্গের অভিযোগ আসবে, তাঁর বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’আজকের এই সভায় ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তারা ছাড়াও আইপিএলের সভাপতি রাজীব শুক্লা ও সহসভাপতি অরুণ জেটলি উপস্থিত ছিলেন।— পিটিআই