পদত্যাগ করেও সহ-অধিনায়ক তামিম!
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা হয়েছে কাল। তবে দলের অধিনায়ক, সহ-অধিনায়ক দুজনকে নিয়েই আছে দুই ধরনের অনিশ্চয়তা।
চট্টগ্রাম টেস্টে আঙুলে চোট পাওয়া অধিনায়ক মুশফিকুর রহিম দলে থাকলেও ১৭ ফেব্রুয়ারির প্রথম ওয়ানডেটি আদৌ খেলতে পারবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। আর মুশফিক না খেললে দলকে নেতৃত্ব দেবেন কে? দলে সহ-অধিনায়ক হিসেবে তামিম ইকবালের নাম থাকলেও টি-টোয়েন্টি সিরিজের আগে তো সহ-অধিনায়ক পদ থেকে পদত্যাগই করেছেন তিনি!
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের কাছে কাল প্রসঙ্গটা তোলা হলে টেলিফোনে বললেন, ‘তামিম পদত্যাগের ইচ্ছার কথা জানিয়ে বোর্ডকে চিঠি দিয়েছিল। কিন্তু সেটা গৃহীত হয়নি। তিন-চার দিন আগে এ ব্যাপারে বোর্ড সভাপতি তাঁর সঙ্গে কথাও বলেছেন। ওয়ানডেতে তামিমই সহ-অধিনায়ক থাকবে।’
আকরামের কথা অনুযায়ী, তামিম তাঁর পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। কিন্তু এ ব্যাপারে তামিম নিজে স্পষ্ট করে বললেন না কিছুই, ‘আমার পক্ষ থেকে আমি এটুকু বলতে পারি যে আমি আমার সিদ্ধান্ত জানিয়ে বোর্ডকে চিঠি দিয়েছি। তারা তা গ্রহণ করল কি করল না, সেটা তাদের ব্যাপার। আমি আমার কাজ করেছি।’ ওয়ানডে সিরিজে কোনো কারণে মুশফিক মাঠে না থাকলে দলকে নেতৃত্ব দেবেন কি না জানতে চাইলে অবশ্য তামিম সরাসরি উড়িয়ে দেননি সম্ভাবনাটা, ‘সেটা আমি এখনই বলতে পারছি না। আমার খেলা ভালো হচ্ছে না। আপাতত আমি এটা নিয়েই সবচেয়ে বেশি চিন্তিত। অন্য কিছু ভাবতে পারছি না।’
এ তো গেল তামিমের সহ-অধিনায়কত্ব নিয়ে অনিশ্চয়তার কথা। মৃদু অনিশ্চয়তা আছে অধিনায়ক মুশফিকুর রহিমের খেলা নিয়েও। এ নিয়ে অবশ্য পাওয়া গেছে দুই রকম তথ্যই। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান একরকম নিশ্চিত করেই বলেছেন যে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলবেন মুশফিক। কিন্তু অন্য একটি সূত্র জানাচ্ছে, মুশফিক প্রথম ওয়ানডেতে খেলবেন কি না সেটা ঠিক হবে খেলার দিন সকালে। চোট পাওয়া আঙুলের অবস্থা বুঝে অধিনায়ক নিজেই নেবেন সিদ্ধান্তটা। তবে তাঁর অবস্থা এখন উন্নতির দিকে।
১৫ সদস্যের ওয়ানডে দলে নতুন মুখ একটাই—টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে চট্টগ্রামে আন্তর্জাতিক অভিষেক হওয়া আরাফাত সানি। চট্টগ্রাম টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া রাজ্জাকের জায়গা নিয়েছেন তিনি। ফিরেছেন নিউজিল্যান্ড সিরিজের কেবলই আগে চোট পাওয়া পেসার শফিউল ইসলাম। বাদ পড়েছেন নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে দলে থাকা জিয়াউর রহমান।