পদত্যাগ নয়, একেবারে অবসর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকেই ইংলিশ মিডিয়ায় গুঞ্জন—বড় খবর আসছে। অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন অ্যান্ড্রু স্ট্রাউস। গুঞ্জনটা সত্যি হলো, একটু অন্যভাবে। ‘বড় খবর’টাকে আরও বড় করে দিয়ে। শুধু অধিনায়কত্ব নয়, ক্রিকেটই ছেড়ে দিলেন স্ট্রাউস! কাল পেশাদার ক্রিকেট থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান। ওয়ানডে অধিনায়ক অ্যালিস্টার কুক এখন নেতৃত্ব নেবেন টেস্ট দলেরও।কেভিন পিটারসেন-পিটার মুরস দ্বন্দ্বের টালমাটাল সময়টায় দলের নেতৃত্বভার নিয়েছিলেন তিন বছর আগে। ছাড়লেন যখন, তখনো পিটারসেন-কাণ্ডে নতুন করে উত্তপ্ত ইংলিশ ক্রিকেট। পিটারসেনকে দল থেকে বাদ দেওয়া, দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে সিরিজ হেরে টেস্টের শীর্ষস্থানও হাতছাড়া করা—এরই পর স্ট্রাউসের এই অবসর। বিবৃতিতে স্ট্রাউস অবশ্য বলেছেন, তাঁর এই সিদ্ধান্তের পেছনে পিটারসেনের ঘটনার কোনো ভূমিকা নেই। গত সিরিজের আগেই অবসর নিয়ে ভাবছিলেন। এই সিরিজে রান না পাওয়া সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতে উৎসাহ জুগিয়েছে। অবশেষে পরিবারের সঙ্গে একান্তে কিছু সময় কাটানোর মধ্যেই সিদ্ধান্তটি পাকা করে ফেলেছেন।‘গত কয়েক সপ্তাহে অনেক ভাবনা-চিন্তার পর আমি ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি সব ধরনের ক্রিকেট থেকেও অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ সিদ্ধান্ত নেওয়া অবশ্য কঠিন ছিল, কিন্তু আমি মনে করি এই পর্যায়ে আমার সরে যাওয়াই ইংল্যান্ড দল ও আমি—দুই পক্ষের জন্যই সবচেয়ে ভালো’—বিবৃতিতে বলেছেন স্ট্রাউস।বিদায়ের সময় অনেকের কাছেই কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। স্ট্রাউসও করেছেন, ‘আমার ক্যারিয়ারের এই অবিশ্বাস্য যাত্রাপথে এত এত মানুষ সাহায্য করেছেন সবার নাম বলে শেষ করা যাবে না। তবে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই মিডলসেক্স ও ইংল্যান্ড দলের সেসব খেলোয়াড় যাদের সঙ্গে আমি খেলেছি। একই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই অসাধারণ সেসব কোচ আর কর্মীদের, যাদের সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে।’বিশেষ ধন্যবাদ দিয়েছেন দুই কোচকে, ‘সুনির্দিষ্টভাবে দুই কোচ অ্যান্ডি ফ্লাওয়ার ও ডানকান ফ্লেচারের কথা এ প্রসঙ্গে বলতেই হবে। মিডলসেক্স, ইসিবি ও পিসিএকেও (খেলোয়াড়দের সংগঠন) কৃতজ্ঞতা না জানানো অন্যায় হবে, যারা আমাদের এতগুলো বছর সমর্থন ও দিকনির্দেশনা দিয়েছে।’ ধন্যবাদ জানিয়েছেন পরিবারকেও, ‘পাশে শক্তিশালী সমর্থন না থাকলে কারও পক্ষেই এত লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব হয় না। এই সুযোগে আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাতেই চাই ইংল্যান্ডের হয়ে আমার ক্যারিয়ারের পুরোটা সময় পাশে থাকার জন্য।’২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা স্ট্রাউস নেতৃত্বভার পান ছয় বছর পর। কোচ ফ্লাওয়ারের সঙ্গে দারুণ জমেছিল তাঁর জুটি। ইংল্যান্ডকে শক্তিশালী একটা দল হিসেবে গড়ে তোলেন দুজন মিলে। এক নম্বরেও উঠে আসে ইংল্যান্ড। ২৪ বছর পর অস্ট্রেলিয়ায় গিয়ে অ্যাশেজও জেতান। ঘরের মাটিতে আগের অ্যাশেজটিও জেতে ইংল্যান্ড। ঠিক ১০০টি টেস্ট খেলেছেন, যার ৫০টিতে দিয়েছেন নেতৃত্ব। জিতিয়েছেন ২৪টি টেস্টে। ওয়েবসাইট।