পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন কিউই কোচ!
বাংলাদেশ থেকে হোয়াইটওয়াশ হয়ে ফিরে যাওয়ার ধাক্কা সামলে উঠতে না উঠতেই আবার ভারতের কাছেও হোয়াইটওয়াশের লজ্জা হজম করতে হয়েছে নিউজিল্যান্ডকে। টানা ১১টি ওয়ানডেতে হার! ১৯৯০ সালের পর এতটা খারাপ সময় আর কখনোই পার করতে হয়নি কিউইদের। সেবার তারা হেরেছিল টানা ১৩টি ম্যাচ। দলের এই লাগাতার ব্যর্থতার পর নিজেকে আড়াল করতে চাননি নিউজিল্যান্ডের কোচ মার্ক গ্রেটব্যাচ। ব্যর্থতার দায় তো স্বীকার করেছেনই, সেই সঙ্গে ব্যাপক সমালোচনার মুখে পদত্যাগেরও প্রস্তাব দিয়েছিলেন তিনি।ক্রিকেট দলের এই ভয়াবহ ব্যর্থতায় নিউজিল্যান্ডজুড়েই সমালোচনার ঝড় বইছে। অনেক জায়গা থেকে গ্রেটব্যাচের পদত্যাগের দাবি উঠেছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড অবশ্য গ্রেটব্যাচকে সরে দাঁড়ানোর ব্যাপারে কোনো ইঙ্গিত দেয়নি। কিন্তু ডমিনিয়ন পোস্ট পত্রিকা জানিয়েছে, গ্রেটব্যাচ নিজেই বলেছেন, ‘আমি পদত্যাগ করলে যদি দলের ভালো হয়, তাহলে আমি তা-ই করব। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আমাকে বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্ব পালন করার কথা বলেছে। আর আমি সেটা করতে চাই। কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেটে পরিবর্তন আনতে যদি আমাকে সরে দাঁড়াতে হয়, তাহলে আমি সেটাও মেনে নেব।’নিজের ব্যর্থতা স্বীকার করলেও নিউজিল্যান্ড ক্রিকেটের অনেক ব্যাপার নিয়ে নিজের ক্ষোভটা লুকিয়ে রাখতে পারেননি গ্রেটব্যাচ। হতাশ কণ্ঠে বলেছেন, ‘সবার চোখে আমিই দলের মূল কোচ। কিন্তু বাস্তবে আমি দায়িত্ব নিয়েছিলাম ব্যাটিং কোচ হিসেবে। আমার আরেকটা দায়িত্ব ছিল, দল নির্বাচনসহ অন্যান্য ক্ষেত্রে অধিনায়ক ভেট্টোরিকে সাহায্য করা। কিন্তু এখন আমার কাঁধে আরও অনেক দায়িত্ব চলে এসেছে।’ টাইমস অব ইন্ডিয়া