পদত্যাগের বিষয়টি ভেবেচিন্তেই: জার্গেনসেন

ঢাকায় ফিরেই নিজের সিদ্ধান্তের পক্ষে কথা বললেন জাতীয় ক্রিকেট দলের সদ্য পদত্যাগী কোচ শেন জার্গেনসেন। তিনি জানিয়েছেন, তাঁর পদত্যাগের বিষয়টি ‘আবেগপ্রবণ’ বলা হলেও আসলে তা নয়। ভেবেচিন্তেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে বিসিবির সঙ্গে আলাপ-আলোচনার দরজাটা তিনি খোলাই রাখতে চান। বলেছেন, বোর্ডের সঙ্গে আলোচনা করেই তিনি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
ছুটি কাটিয়ে অস্ট্রেলিয়া থেকে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে খুব বেশি কথা বলতে চাননি জার্গেনসেন। সাংবাদিকদের মুখোমুখি হয়েই তিনি জানালেন, তাঁর কথা বলায় মানা আছে। বোর্ডের অনুমতি ছাড়াও যে দু-একটি কথা বললেন তাতে নিজের সিদ্ধান্তের ব্যাপারটাই স্পষ্ট করলেন, ‘আমি পুরো ব্যাপার নিয়ে বেশ কিছু দিন ভেবেছি। আবেগতাড়িত হয়ে এমন সিদ্ধান্ত আসলে নেওয়া সম্ভব নয়।’
তাঁর ওপর অধিনায়ক মুশফিকের আস্থা তাঁর সিদ্ধান্ত ফেরাতে সহায়তা করবে কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি, ‘বিষয়টি নিয়ে বোর্ডের সঙ্গে অনেক আলোচনা হবে। তার পরই সিদ্ধান্ত।’
আগামী মাসে অনুষ্ঠেয় ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলের দায়িত্বে থাকবেন বলেই জানিয়েছেন তিনি, ‘আমি আগেই বলেছি, জুন পর্যন্ত আমি দায়িত্ব পালন করব।’
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের চরম ব্যর্থতার পরপরই তোপের মুখে পড়েন জাতীয় ক্রিকেট দলের এই অস্ট্রেলীয় কোচ। এমন পরিস্থিতিতে কয়েকজন বোর্ড পরিচালক তাঁর বিরুদ্ধে মন্তব্য করায় তিনি মনঃক্ষুণ্ন হন। দেশে ছুটি কাটাতে গিয়ে সেখান থেকেই তিনি কয়েক দিন আগে নিজের পদত্যাগপত্র পাঠান ক্রিকেট অপারেশন্সের প্রধান আকরাম খানের কাছে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন ‘প্রাপ্য সম্মান না পাওয়া’র বিষয়টি। বোর্ড অবশ্য জার্গেনসেনের এই সিদ্ধান্তকে ‘আবেগপ্রবণ’ হিসেবে আখ্যা দিয়ে এখনো তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেনি।