পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহার করলেন আকরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেও সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন আকরাম খান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলে জানা গেছে।আজ শনিবার সকালে আকরাম খান বিসিবিতে গিয়ে তাঁর পদত্যাগপত্র ফেরত নেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ডেকে পাঠান। তাঁর সঙ্গে সব বিষয় নিয়ে কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন, ভবিষ্যতে আমার কাজে হস্তক্ষেপের কোনো ঘটনা ঘটবে না। তিনি আমাদের অভিভাবক। তাঁর কথার ওপরে তো আর কিছু নেই।’ আকরাম খান আজ শনিবার থেকেই জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করছেন বলে জানা গেছে।জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান ১৯৯৭ সালে দেশকে আইসিসি ট্রফি বিজয়ের ঐতিহাসিক নেতৃত্ব দেন। সে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েই বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে খেলার গৌরব অর্জন করে। সেবারের আইসিসি ট্রফিতে হল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে দারুণ প্রতিকূল পরিস্থিতিতে ও বিপর্যয়কর মুহূর্তে আকরাম খানের ব্যাট থেকে বেরিয়ে আসে অপরাজিত ৬৭ রানের এক অনবদ্য ইনিংস। সেই ইনিংসটিকে অনেকেই বাংলাদেশের ক্রিকেটে ইতিহাসের এক মাইলফলক হিসেবে অভিহিত করে থাকেন। দেশের হয়ে আটটি টেস্ট ও ৪৪টি এক দিনের ম্যাচেও অংশ নেন আকরাম খান।